নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না: বাম জোট
বিভিন্ন দাবিতে দেশব্যাপী ১৫ দিনের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার বিকালে পল্টনে এক বিক্ষোভ সমাবেশে জোটের সমন্বয়ক সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই দাবি জানান।
প্রিন্স বলেন, “একজন রাষ্ট্রদূত পর্যন্ত রাতের ভোটের কথা বলছেন। দেশে যে নির্বাচনী হাল হয়েছে তাতে এটা পরিষ্কার যে, একটি নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না।”
রাজধানীর পল্টন মোড়ে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরকারের নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।
খেলাপি ঋণ ও পাচার করা অর্থ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, “পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধার করলে দেশকে আইএমএফের কাছে শর্তযুক্ত ঋণের জালে আবদ্ধ করার মতো ভুল সিদ্ধান্ত নিতে হবে না।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিঃশ্বাস উঠেছে উল্লেখ করে এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতার সমালোচনাও করেন তিনি।
বাম জোটের ঢাকা মহানগর সমন্বয়ক সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বাসদের খালেকুজ্জামান লিপন, বাসদের (মার্ক্সবাদী) জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তৈমুর খান অপু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আমেনা আক্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া বক্তব্য রাখেন।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে সোমবার দেশব্যাপী ১৫ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট যা শুরু হলো মঙ্গলবার এবং চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে পদযাত্রা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে।
