ভোটে আসা নিয়ে জাপার সিদ্ধান্ত ‘আরও পরে’
“আমরা নির্বাচনে যাব না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। “আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।
‘নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে’ জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার সিদ্ধান্ত গ্রহণে জাতীয় পার্টি আরও সময় চায় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার বিকেলে হোটেল ওয়েস্টিনে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন সংসদে প্রধান বিরোধী দলটির প্রধান নেতা।
জাতীয় পার্টি ভোটে যাবে কি না- এমন প্রশ্নে জি এম কাদের সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচনে যাব না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
“আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে, আমরা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেইনি।”
নির্বাচনকালীন সরকারে অন্তর্ভূক্তির বিষয়ে অপর এক প্রশ্নে তিনি বলেন, “সরকারের এমন কোন প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ্য হয়, তবেই আমরা বিবেচনা করব।
“আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরো কিছু দিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই।”
দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকে জাপা চেয়ারম্যান ছাড়াও অংশ নেন প্রেসিডিয়াম সদস্য রানা মোহাম্মদ সোহেল, উপদেষ্টা মাসরুর মওলা এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।
যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে জানিয়ে বিরোধীদলীয় উপনেতা বলেন, “নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কীভাবে রোধ করা যায় সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন।
“আমাদের দেশে কখন কীভাবে নির্বাচন হয়েছে তাও জানতে চেয়েছেন তারা। নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে তারা জানতে চেয়েছেন।”
যুক্তরাষ্ট্রের মতো জাতীয় পার্টিও সবার অংশগ্রহণে নির্বাচন চায় জানিয়ে জি এম কাদের বলেন, “নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার বা আনফেয়ার হলো তা বোঝা যায় না।”
‘নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে’ বলেও মনে করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, “বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে- সেখানে সহিংসতা হতে পারে। নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে।”
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এর আগে সকালে বিএনপি এবং দুপুরে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি দেখতে এবং ভোটের বিষয়ে ‘স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনা’ চালানোর জন্য শনিবার ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যালোচনা মিশন (পিইএম)।
ছয় সদস্যের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ এই মিশন বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে থাকবে।
সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের পাশাপাশি বিভিন্ন বিদেশি মিশনের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধিদল।
