২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের দমনপীড়নে ছাত্রদল বিচলিত নয়: ভারপ্রাপ্ত সভাপতি

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, এক ব্যক্তির স্বেচ্ছাচারিতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দেশকে আজকের পর্যায়ে ঠেলে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 04:56 PM

Updated : 24 Aug 2023, 04:56 PM

সরকার দমনপীড়নের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলকে চলমান আন্দোলন থেকে সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সমর্থক ছাত্র সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

বৃহস্পতিবার নয়া পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারাদেশে নেতা-কর্মীদের ওপর নির্যাতনের নানা ঘটনা তুলে ধরে তিনি বলেন, “অবৈধ ক্ষমতার দখলদারদের নিপীড়ন-নির্যাতন, মোসাহেবদের হুমকি-ধমকি, নানা কল্পকাহিনী সাজানোতে আমরা ন্যূনতম বিচলিত নই। গণতন্ত্রের পক্ষে আমাদের যে রক্তস্নাত পথচলা, সেই পথা চলা কোনো কিছুতেই থামবে না, আমরা সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাব।”

রাশেদ ইকবাল বলেন, “এই অবৈধ সরকার আর তার মোসাহেবরা মিলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমাদের ভাবতে হবে। আমরা কোনোভাবেই উত্তর কোরিয়ার কাতারের রাষ্ট্র হতে চাই না। আজকে বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশকে নিয়ে ক্রমাগত উদ্বেগ জানাচ্ছে, স্যাংশন আসছে, ভিসা নিষেধাজ্ঞা আসছে, আন্তর্জাতিক রাজনীতির এক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ।

“এই সবকিছুর মূল হচ্ছে একতরফা অবৈধ কারচুপির, ভোটচুরির নির্বাচন। এক ব্যক্তির স্বেচ্ছাচারিতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দেশকে আজকের পর্যায়ে ঠেলে দেয়া হয়েছে। গণতন্ত্রের পক্ষে, গণমানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায়, সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার প্রতিষ্ঠার এই লড়াই যত বেগবান হচ্ছে, শহীদের সংখ্যা, গ্রেপ্তারের সংখ্যা, আহতের সংখ্যা, পঙ্গুত্বের সংখ্যা, গুমের সংখ্যা, অস্ত্র উদ্ধারের মতো দুর্বল স্ক্রিপ্টের সংখ্যা তত বেশি দীর্ঘতর হচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনিরুল ইসলাম জিসানসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছয়জনকে আটকের পর পুরনো অস্ত্র হাতে গ্রেপ্তার দেখানো হয়েছে অভিযোগ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, “এসব ছিল অস্ত্রের নাটক। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচিগুলো অত্যন্ত শান্তিপূর্ণ। আমাদের বিগত দিনের কোনো আন্দোলনে দেখবেন না কোনো ছাত্রদলের কর্মী প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসেছে।

“কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিচন্ন স্থানে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা অস্ত্র প্রদর্শন করলেন তাদেরকে শনাক্ত করার পরেও এই দলকানা প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেনি কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমরা গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে ও বিশ্বের কাছে বলতে চাই, আমাদের প্রত্যেকটি কর্মসূচি শান্তিপূর্ণ।”  

সম্প্রতি সারাদেশে ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখার ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোরসালিনের ওপর হামলা ও তার বিরুদ্ধে মামলা দেয়ার ঘটনা তুলে ধরেন ছাত্রদলের ভারপ্রাপ্ত প্রধান।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহসভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ ইকবাল, নিজাম উদ্দিন রিপন, মাহবুব মিয়া, আক্তারুজ্জামান আক্তার, নাসির উদ্দিন নাসির, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক মঞ্জুর রিয়াদ, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।