আরেক মামলায় গ্রেপ্তার দেখান হল জামায়াত নেতা পরওয়ারকে
জামায়াতের সেক্রেটারি জেনারেল ২০২১ সাল থেকে রয়েছেন কারাগারে।
পাঁচ বছর আগের নাশকতার এক মামলায় গ্রেপ্তার দেখান হল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে।
মতিঝিল থানার ২০১৮ সালের এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদনও করে পুলিশ।
ডিবির এসআই ফরমান আলীর সেই আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তবে রিমান্ড শুনানির জন্য আগামী ৭ মে দিন ঠিক করে দেন।
এই মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের আগে নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি-জামায়াতের ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করে। তারা নয়াপল্টনে ভিআইপি রোড বন্ধ করে মিছিল করে যানচলাচল বন্ধ করে দেয়। এতে পুলিশ বাধা দিলে ইট ছোড়াসহ হাতবোমা নিক্ষেপ করে।
সাবেক সংসদ সদস্য পরওয়ারকে এই দফায় ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করে পুলিশ, ভাটারা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায়। পরে তাকে একাধিকবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর থেকে কারাগারে তিনি।
এদিকে পরওয়ারকে নতুন মামলায় গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে বলেছে, সর্বোচ্চ আদালত থেকে জামিনের আদেশ হওয়ার পর যখন পরওয়ার কারামুক্ত হতে যাচ্ছিলেন, তখন তাকে আরেক মামলায় গ্রেপ্তার দেখান হল।
“দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বারবার তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখার নিন্দা ও প্রতিবাদের কোনো ভাষা আমাদের জানা নেই।”
