এক্সপ্রেসওয়ে উদ্বোধনে ‘জনসমুদ্র’ হবে ঢাকা: সেতুমন্ত্রী
“মহাসমুদ্রের সে স্রোত দেখার অপেক্ষায় আছি।”
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দিন ঢাকায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “আগামী ২ সেপ্টেম্বর ঢাকা জনসমুদ্রে রূপ নেবে। মহাসমুদ্রের সে স্রোত দেখার অপেক্ষায় আছি।”
মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাদের মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধন উপলক্ষে ২ সেপ্টেম্বর শেরে বাংলা নগরে পুরনো বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
নির্বাচনের কয়েক মাস আগে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বড় কয়েকটি নির্মাণ প্রকল্প উদ্বোধন হচ্ছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় পর্যন্ত যাবে। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশ এখন উদ্বোধন হচ্ছে।
বাংলাদেশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এ পর্যন্ত যত অবকাঠামো প্রকল্প নেওয়া হয়েছে, তার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে বড়।
প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই দ্বিতল সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ৯ হাজার কোটি টাকার মতো। এতে চড়তে টোল দিতে হবে।
