২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে ১৪ দল

“আমরা দেশকে তালেবান বানাতে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব,” বলেন জাসদের সভাপতি ইনু।

জোট হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে ১৪ দল

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 09:50 PM

Updated : 31 Oct 2022, 09:50 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল জোটগতভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতকে মোকাবিলা করবে বলে জানিয়েছেন জোটের নেতারা।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেন।

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “১৪ দল ঐক্যবদ্ধ আছে। দেশ বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

“মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। বিজয়ের বন্ধনে আবদ্ধ থাকব আমরা। শেখ হাসিনা একজন ব্যক্তি নন, তিনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতিনিধি। তিনি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।”

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “দেশের সংকট সমাধানে সময় প্রয়োজন। এ সংকট পুঁজি করে স্বাধীনতাবিরোধীরা নির্বাচনকে বানচাল করতে চায়। তারা ক্ষমতা দখল করতে চায়। সেটি হতে দেওয়া হবে না। আমরা দেশকে তালেবান বানাতে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব।

“২০২৩ সালের নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, দেশের বিদ্যমান সংকট সমাধানে যুদ্ধ এবং উন্নয়নের ধারাবাহিকা রক্ষা করতে যুদ্ধ করা হবে। এই যুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার তীর ছুড়তে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আমরা বিজয়ী হব।”

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, “১৪ দলীয় জোট আছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।”

সমাবেশে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়েন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।

তিনি বলেন, “আমরা শেখ হাসিনাকে তার বাণীর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ১৪ দল ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াত চক্র আমরা মোকাবিলা করতে পারব, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারব।”

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, “বিএনপি-জামায়াতকে ক্ষমতা থেকে কীভাবে নামাতে হয়, সেই অভিজ্ঞতা আমাদের আছে। এখন তারা সমাবেশ করে সরকার উৎখাতের হুমকি দিচ্ছে। আমরা তাদের দেখে নিতে চাই। ১৪ দলকে ধরে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নের ধরাবাহিকতা রক্ষা করতে হবে। বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে।”

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, “আমাদের ঐক্য অটুট আছে। আওয়ামী লীগকে কাউয়া সামলাতে হবে।”

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রেজাউর রশিদ খান, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, আনোয়ার হোসেন সমাবেশে উপস্থিত ছিলেন।