২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন সিইসি

শনিবার কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী সামগ্রী। ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছবে রোববার ভোরে

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল দিয়েছিলেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 01:47 AM

Updated : 06 Jan 2024, 02:57 AM

দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির মধ্যে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ভোট সব ধরনের প্রস্তুতি শেষ করে ভোটার, প্রার্থী, দল ও দেশবাসীর উদ্দেশে বার্তা থাকবে এই ভাষণে।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ২৯৯ আসনে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। শনিবার কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী সামগ্রী। ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছবে রোববার ভোরে। তবে দুর্গম এলাকায় ব্যালট পেপার শনিবারই কেন্দ্রে যাবে।

সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানান, শনিবার সকালে সিইসির ভাষণটি ধারণ করা হবে। সেটি সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

গত ১৫ নভেম্বর ভোটের তারিখসহ তফসিল ঘোষণা করতে ভাষণ দিয়েছিলেন সিইসি।

শুক্রবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ভোটের প্রস্তুতি শেষ ধাপে রয়েছে। সুষ্ঠু নির্বাচনের অনুকূল ভোটের পরিবেশ রয়েছে।

পুরনো খবর:

প্রচারের পর এবার ব্যালটের পালা
নির্বিঘ্নে কেন্দ্রে আসুন, ভোট কারচুপি প্রতিহত করুন: সিইসি

৭ জানুয়ারির ভোটে এবার রায় দেবেন ২৯৯ আসনে ১১ কোটি ৯৩ লাখেরও বেশি ভোটার।

>> ২৯৯ আসনে এবার নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১৯৬৯ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩২ জন ২৮ টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৭ জন স্বতন্ত্র।

>> প্রচারের মাঝপথে নওগাঁ-২ আসনের একজন প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে ভোট স্থগিত হয়। এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই জন প্রার্থী রয়েছে এখন, নতুন তফসিলে নতুন প্রার্থীও যোগ হওয়ার সুযোগ রয়েছে।

প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে নিরাপত্তার চাদরে রয়েছে নির্বাচনী এলাকা। ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রের ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন তারা।

আইন শৃঙ্খলাবাহিনীর সাড়ে সাত লাখের মত সদস্য, ৯ লাখের মত ভোটগ্রহণ কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী হাকিম, বিচারিক হাকিমসহ আরো অনেক লোক নির্বাচনি কাজে সম্পৃক্ত হয়েছে।্

এবার স্থানীয় ও বিদেশি-পর্যবেক্ষক রয়েছে ২৫-৩০ হাজারের মতো।