২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ‘দুর্দিনে’ কবি নজরুলকে স্মরণ করলেন ফখরুল

বিএনপি মহাসচিবের অভিযোগ, জাতীয় কবিকে আজ ‘উপেক্ষা’ করা হচ্ছে।

বিএনপির ‘দুর্দিনে’ কবি নজরুলকে স্মরণ করলেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 03:51 PM

Updated : 26 Aug 2022, 03:51 PM

বিএনপি নেতাকর্মীদের ‘গুম-খুনের’ প্রতিবাদ এবং ‘সরকার পতনের’ আন্দোলনে প্রেরণা যোগাতে জাতীয় কবি নজরুল ইসলামই ‘সবচেয়ে বেশি প্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এখন একেবারে নিরেট যে বাস্তবতা, সেই বাস্তবতা হচ্ছে- একটা ভয়াবহ ফ্যাসিবাদী, দানবীয় একটা মনস্টার আমাদের সব কিছুকে দুমড়ে-মুচড়ে ধবংস করে দিচ্ছে।

“তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা- এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং সেখানে কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।”

১২ ভাদ্র জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন ফখরুল।

নজরুলকে স্মরণ করে তিনি বলেন, “আসুন আমরা আজ তাকে আবার নতুন করে স্মরণ করি, সার্বক্ষণিকভাবে স্মরণ করে, ধারণ করে, তাকে সামনে নিয়ে যেন এগিয়ে যেতে পারি, তার এই মৃত্যু দিনে এটাই হোক আমাদের শপথ।”

নজরুলকে ‘বিশ্ব মানবতার কবি’ হিসেবে বর্ণনা করে এই বিএনপি নেতা বলেন, “শোষিত-নিপীড়িত-নির্যাতিত মানুষকে জাগিয়ে তুলবার জন্য তার কবিতা সব সময় সবকালেই মানুষকে অনুপ্রাণিত করেছে। আজকের এই দিনে বর্তমান প্রেক্ষিতে কাজী নজরুল ইসলাম বেশি প্রাসঙ্গিক।

“কবিদের মধ্যে এই ধরনের জাগিয়ে তোলা… মানুষকে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে। আমার মনে হয় কাজী নজরুল ইসলামকে যদি এই সময়ে স্মরণ করি, আরও বেশি অনুপ্রাণিত হব।”

বিএনপির নেতা কর্মীদের গুম-খুনের অভিযোগ তুলে ফখরুল বলেন, “যখন ভোলায় আমার ভাই নূরে আলমকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়, অথবা যখন আমার ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়, অথবা যখন আমাদের সমস্ত নেতাকর্মীর ওপর নির্যাতন করা হয়, যখন আমরা দেখি যে, আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়, আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়, তখন নজরুল ইসলাম আমার কাছে বেশি প্রাসঙ্গিক মনে হয়, অনেক বেশি তাকে অনুসরণ করতে আমার ইচ্ছা করে।”

বাংলা ১৩৮৩ সনের ১২ ভাদ্র মৃত্যুবরণ করেন কবি নজরুল ইসলাম। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।

সেখানে মির্জা ফখরুল বলেন, “আজকে নজরুল ইসলামকে ইগনোর (উপেক্ষা) করা হয়। বাংলা সাহিত্যের পাঠ্যক্রমের মধ্যে তার বই থাকে না, কবিতা থাকে না। আমি লক্ষ্য করেছি, ইলেক্ট্রনিক চ্যানেলগুলোতে নজরুল ইসলামের গান খুবই কম সম্প্রচার করা হয়। রেডিওতে কী হয় আমি বলতে পারব না।

“আপনি দেখবেন যে, পত্র-পত্রিকাগুলোতে নজরুল ইসলামের জন্মদিন অথবা মৃত্যবার্ষিকীকে যে ক্রোড়পত্র বের হত, সেটাও বোধহয় আজকাল বেশি হয় বলে মনে হয় না, আমি দেখি না। এটা হচ্ছে চরম সংকীর্ণতা।”

নজরুল গবেষক আবদুল হাই শিকদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির ব্যাপারী, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মাহবুব হাসান, জসিম উদ্দিন, বাবুল আহমেদ, ইফতেখার আলম মাসউদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান সভায় বক্তব্য দেন।