২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার জীবনে ‘হুমকি’ আসলে পরিণতি ‘শুভ হবে না’: ফখরুল

“আর কয়েকদিন পরে আমদানি করার আর অর্থ থাকবে না”, রিজার্ভের পতন নিয়ে বলেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়ার জীবনে ‘হুমকি’ আসলে পরিণতি ‘শুভ হবে না’: ফখরুল

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দলীয় সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 08:32 PM

Updated : 09 Oct 2023, 08:32 PM

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জীবনে কোনো ‘হুমকি’ আসলে পরিণতি ‘শুভ হবে না’ বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘দেশে খালেদা জিয়ার চিকিৎসার সব সুযোগ শেষ হয়ে আসছে’ দাবি করে সোমবার সকালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সংবাদ সম্মেলনের পর বিকালে এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

পুরানা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে এই সমাবেশটি হয় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে।

ফখরুল জানান, এই দাবিতে আগামী ১৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে অনশন করবে তার দল।

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের মানুষ পরিষ্কার করে জানিয়ে দিতে চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের কোনো হুমকি আসে, তাহলে এ দেশের মানুষ কখনো এই ঘৃণ্য লুটেরা সরকারকে ক্ষমা করবে না।”

বিএনপি নেত্রীর অসুস্থতার পেছনে সরকারের দায় আছে অভিযোগ করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে যদি জেলে পাঠানো যায়, তাকে যদি রাজনীতি থেকে দূরে সরিয়ে নেয়া যায়, তাহলে আর কোনো প্রতিপক্ষ থাকবে না। এভাবেই অত্যন্ত পরিকল্পিভাবে কারাগারের মধ্যে তাকে একটা বসবাসের অনুপযোগী ঘরের মধ্যে রেখে.. তাকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।” 

‘আওয়ামী লীগ আর জনগণের দল নাই’

বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন আর জনগণের দল নাই, তারা এখন পুরোপুরিভাবে ফ্যাসিবাদের ধারক-বাহকে পরিণত হয়েছে।”

মির্জা ফখরুলের দাবি, কিছু সংখ্যক ‘অত্যাচারী আমলা’ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আর কিছু সংখ্যক ‘লুটেরা ব্যবসায়ী’ এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে।

‘সাজায় আন্দোলন দমানো যাবে না’

বিএনপি ও সমমনা দলগুলোর বেশ কয়েকজন নেতার সাজা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আজকে একটা মামলার সাজা দিয়েছে। আমাদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনসহ ১৫জনকে সাজা দিয়েছে। গতকাল আরেকটার আদালতে ১৫জনকে সাজা দিয়েছে।

“এরা (সরকার) মনে করেছে, এসব সাজা দিলে বিএনপিকে প্রতিরোধ করতে সক্ষম হবে। হয়েছে কি? প্রতিরোধ করা যাবে না। প্রতিদিন একেকটা সাজা হাজার হাজার জিয়ার সৈনিক তৈরি করছে।

“বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মত। যতই তোমরা চেষ্টা কর যে, ধ্বংস করবে, সেই ধ্বংসস্তূপ থেকে বিএনপি জেগে উঠবে।

“ওরা ভেবেছিল দেশনেত্রীকে (খালেদা জিয়া) জেলে নিয়ে গেলে বিএনপি আর থাকবে না। কিন্তু বিএনপি আরো শক্তিশালী হয়েছে। বিএনপি এখন জেগে উঠেছে, এই সরকারের পতনের মরণপণ আন্দোলন শুরু করেছে।”

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ নেতাদের সাজার দেয়ার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “পরিষ্কার করে বলে দিতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত করা না পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়ার সৈনিকরা ক্ষান্ত হবে না, তারা অবশ্যই পরাজিত করবে।”

‘আমদানি করার অর্থ আর থাকবে না’

রিজার্ভের পতন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “এই সরকার রিজার্ভের পরিমাণ কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে গেছে যে, আর কয়েকদিন পরে আমদানি করার আর অর্থ থাকবে না।

“প্রধানমন্ত্রী খুব ধমক দিয়ে বলেছেন যে, তাহলে বন্ধ করে দেই, বন্ধ করে দেই বিদ্যুৎ, বন্ধ করে দেই পানি। কথা শুনলে মনে হয় আমরা রাজতন্ত্রে বাস করছি। আমাদের মালিক একজন, সেই মালিক হচ্ছেন শেখ হাসিনা। এটা কোনো রাজতন্ত্রের দেশ নয়। এর মালিক জনগণ।”

তিনি বলেন, “দেয়ালের লিখন পড়েন। এখনো বুঝতে পারছেন না আপনাদের জন্য কী অপেক্ষা করছে।

“ইতিহাস ভুলে যাবেন না। এভাবে দেশ কেউ চালাতে পারে না। হিটলার পারেনি, মুসোলিনি পারেনি, এ দেশে আইয়ুব খান পারেনি, ইয়াহিয়া খান পারে নাই।

“এ দেশে আমাদের হুসেইন মুহম্মদ এরশাদও পারে নাই, মঈন উদ্দিন, ফখরুদ্দীনের সরকারও পারে নাই, আপনারাও পারেন নাই একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে।”

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও উত্তরের সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামুসজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নাসির উদ্দিন অসীম, আবদুল মালেক রতন, মীর সরাফত আলী সপু, রাকিবুল ইসলাম বকুলও সমাবেশে বক্তব্য রাখেন।