এই বিএনপি এল, ‘দুঃস্বপ্ন’ আওয়ামী লীগের: ফখরুল
বঙ্গবাজারে আগুনসহ নানা দুর্ঘটনায় আওয়ামী লীগ ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়’, নাশকতার গন্ধ পায়, বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় ঠিকে আছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, অনেক মানুষ রাতে খারাপ স্বপ্ন দেখে যেভাবে চিৎকার করে, আওয়ামী লীগও ‘বিএনপি এল বলে আঁতকে’ ওঠে।
শুক্রবার ঢাকার লালবাগে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, “বঙ্গবাজার পুড়ে গেছে- এই বাজার বড়লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তদের বাজার। দুর্ভাগ্য আমাদের এর আগে সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন মানুষ মারা গেল… এর আগে চট্টগ্রামে হয়েছে। কিন্তু এই সরকারের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই।
“তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়। তারা নাকি এখন বলে যে, নাশকতার গন্ধ পায়। আওয়ামী লীগের অবস্থা হয়েছে যে, তারা সারাক্ষণ একটা দুঃস্বপ্ন দেখে। এই বলে বিএনপি আসলো, এই বলে আন্দোলন করল, এই বলে তারেক রহমান আসলো।
“রাত্রি বেলা অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখলে আঁতকে উঠে না, চিৎকার করে না? আওয়ামী লীগও সারাক্ষণ দুঃস্বপ্ন দেখে এই বিএনপি… এই বিএনপি আসলো।”
বর্তমান সরকারে নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, “আওয়ামী লীগের দেওয়ার কিছু না। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ভোট দিতে পারছেন না আপনারা… ভোট আগের রাত্রে হয়ে গেছে আর ওরা (আওয়ামী লীগ) সরকারে বসে গেছে।“
কথায় কথায় সরকার উন্নয়নের কথা বললেও মানুষ খারাপ অবস্থায় আছে মন্তব্য করে তিনি বলেন, আমি এখানে আসার পথে দেখলাম বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা- উন্নয়ন কি চিবিয়ে খাব?
“উন্নয়ন তো চিবিয়ে খাওয়া যায় না। আমার পেটে যদি ভাত না থাকে, ১০টা উড়াল সেতু বানান- আমার তাতে কি আসে যায়…।”
পদ্মাসেতুসহ বিভিন্ন প্রকল্পের ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকার চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছে বলেও ভাষ্য তার।
‘মানুষ আর দেখতে চায় না’
বর্তমান সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমার কথা খুব সোজা… ১৪ বছর বহু জ্বালাইছেন এদেশের মানুষকে। এখন তোমাকে মানুষ দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না।
“সোজাসোজি বলতে চাই, এই রমজানের মাসে এই ইফতারে আগে… দয়া করে মানে মানে সরে পড়। আমাদের সব কিছুকে তোমরা ধ্বংস করে দিয়েছ, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছ, আমাদের রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছ, চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছ। দয়া করে সরে পড়েন।”
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পুরনো দাবি আবারও তুলে ধরে তিনি বলেন, “মানুষ একটা ভোট দিক, ভোট দিয়ে মানুষ যাকে খুশি তাকে নির্বাচন করুক।
“প্রধান নির্বাচন কমিশনার অনেক দুঃখের সঙ্গে বলেছেন যে, ইভিএম-ব্যালট কোনটাই কাজে দেবে না যদি বিরোধীদল অংশ না নেয়, অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটা কাজে দেবে না। কেউ মানবে না। সুতরাং একটাই দাবি যে, পদত্যাগ কর আর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কর।”
লালবাগের সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করে বিএনপি মহাসচিব তাকে কারাগারে হত্যা এবং অনেককে গুম করা হয়ছে বলে অভিযোগ করেন।
তিনি বর্তমানকে সরকার হটিয়ে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠায় সবাইকে সংগ্রাম-আন্দোলনে নামার আহ্বান জানান।
লালবাগের হৃদয় কমিউনিটি সেন্টারে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়।
মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে সভায় আরেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, তাঁতী দলের আবুল কালাম আজাদসহ ওয়ার্ড নেতারা বক্তব্য দেন।
