২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার দিনে স্নেহবঞ্চিতদের সঙ্গে তথ্যমন্ত্রী

সোশাল মিডিয়ায় কার্যক্রম দেখে মাস্তুল ফাউন্ডেশন স্কুল অ্যান্ড অরফানেজ শেলটার হোমে গিয়েছিলেন হাছান মাহমুদ।

ভালোবাসার দিনে স্নেহবঞ্চিতদের সঙ্গে তথ্যমন্ত্রী

ঢাকার রায়েরবাজার বেড়িবাঁধ এলাকার বরইখালীতে মঙ্গলবার মাস্তুল ফাউন্ডেশন স্কুল অ্যান্ড অরফানেজ শেলটার হোমে গিয়েছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 11:22 PM

Updated : 14 Feb 2023, 11:22 PM

পারিবারিকভাবে স্নেহবঞ্চিত প্রায় দুশ’ শিশুর সঙ্গে ‘ভ্যালেন্টাইন্স ডে ও পহেলা ফাল্গুন’ উদযাপন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার তিনি ও তার স্ত্রী শিশুদের হাতে তুলে দেন ফুল ও উপহারসামগ্রী; শোনেন তাদের কথা, কবিতা ও গান।

সোশাল মিডিয়ায় কার্যক্রম দেখে এদিন বিকালে ঢাকার রায়েরবাজার বেড়িবাঁধ এলাকার বরইখালীতে তাদের আবাসন ও শিক্ষা সহায়তা প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন স্কুল অ্যান্ড অরফানেজ শেলটার হোমে যান তথ্যমন্ত্রী ও তার স্ত্রী নুরান ফাতেমা। তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এর আগে দুপুরে নুরান ফাতেমা তাদের জন্য রান্না করা খাবার পাঠান। পরে অফিস শেষে মন্ত্রী সস্ত্রীক সেখানে যাওয়ার সময় নিয়ে যান জামাকাপড়সহ উপহারসামগ্রী ও নানা ধরনের খেলনা। এ সময় মাস্তুলের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান, উপদেষ্টা কাজী মাইনুর রহমান ও প্রতিষ্ঠানের সদস্যরা তাদের স্বাগত জানান।

হাছান মাহমুদ বলেন, “সমাজে পরিবারের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত যারা স্বপ্ন দেখতে ভয় পায়, কেউ যাদের স্বপ্ন দেখাতেও চায় না, সেইসব শিশু ও দুর্দশাগ্রস্ত মানুষকে নিয়ে এসে মাস্তুল ফাউন্ডেশন আশ্রয় দিয়েছে, শিশুশিক্ষা ও বয়স্কদের কর্মের সুযোগ করে দিয়েছে। সেই জন্য এই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে আমি এখানে তাদের কাছে এসেছি।”

রাজনৈতিক পরিচয়ে নয়, একজন মানুষ হিসেবে এখানে আসার কথা বলেন তথ্যমন্ত্রী।

“আমি শুধু একজন মানুষ হিসেবেই এখানে এসেছি, তবুও আমার রাজনৈতিক পরিচয় আছে। আমার পরিবার যেমন আমাকে মমত্ববোধ শিখিয়েছে, তেমনি আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকেও দেখেছি। যখন ক্ষমতায় ছিলাম না, তখন দেখেছি, বিশাল গাড়িবহর নিয়ে চলার সময় জননেত্রীর গাড়ির সামনে যদি কোনো ভিক্ষুক এসে পড়ত, পুরো বহর থেমে যেতো। শেখ হাসিনা তাকে সাহায্য করতেন। জননেত্রীর মানবিক গুণাবলীর কোনো তুলনা হয় না।”

যে ঘটনাটি মন্ত্রীকে মাস্তুল ফাউন্ডেশনে যেতে উৎসাহিত করেছে, তার বর্ণনা দিয়ে হাছান মাহমুদ বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, ঢাকায় বিমানবন্দরের পাশে এক আশ্রয়ে বাবার সাথে থাকা অল্পবয়সী ছেলে রোজ বিমান ওড়া দেখত। একদিন সে বাবাকে বলল- ‘বাবা, আমি বড় হয়ে পাইলট হতে চাই’। বাবা ধমক দিয়ে বললেন- ‘যা, কাজে যা’। সেই ছেলেটিকে মাস্তুল ফাউন্ডেশন নিয়ে এসেছে, পড়াশোনা করাচ্ছে। আমি তার স্বপ্নপূরণের জন্য প্রার্থনা করি।”

পরে তিনি মাস্তুল স্কুল, আশ্রয়কেন্দ্র ও এতিমখানা উদ্বোধন করেন; এ সময় মাস্তুল ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের দুজন বিধবাকে দুটি সেলাই মেশিন এবং স্বাস্থ্য প্রকল্পে সেবার আওতায় থাকা সড়ক দুর্ঘটনায় আহত একজনকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

স্কুল ও শেলটার হোমের শিশুরা এ সময় গান ও ছড়া পরিবেশন করে।

সংস্থার পরিদর্শন বইতে মন্ত্রী লেখেন- এই অসাধারণ কার্যক্রমের জন্য মাস্তুল ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ।

এদিকে মন্ত্রীর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান।

তিনি বলেন, “তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান, তার স্ত্রী ও আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামকে অতিথি হিসেবে পেয়ে আমরা অভিভূত এবং তাকে আমাদের প্রকল্পগুলো দেখাতে পেরে খুবই উচ্ছ্বসিত।”

মাস্তুলের উপদেষ্টা মাইনুর রহমান জানান, দাতব্য প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত মাস্তুল ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে নিজস্ব স্কুল ও এতিমখানায় দুইশ শিশুর শিক্ষা, আহার ও আবাসনের পাশাপাশি ১২ জেলার ২২টি স্কুলে সহস্রাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, জুতা-মোজা বই-খাতাসহ সকল শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। এর স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৭৫০ জন স্বাবলম্বী হয়েছেন। এছাড়া সংস্থাটি মৃত ব্যক্তিদের জানাজা, দাফন ও সৎকার করে থাকে।

‘প্রেস কাউন্সিল আরও শক্তিশালী হবে’

যুগের প্রয়োজনে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে ঢাকার তোপখানা রোডে কাউন্সিলের মিলনায়তনে আলোচনাসভায় অংশ অনলাইন সংবাদপত্রগুলোকেও এই কাউন্সিলের আওতায় আনার কথা বলেন তিনি।

কাউন্সিলের ঐতিহাসিক প্রেক্ষিত তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশ রাষ্ট্র ন্যায়নীতি ও যুক্তিতর্কের ভিত্তিতে পরিচালনা ও গণতান্ত্রিক সমাজের ভিত গভীরে প্রোথিত করতে চেয়েছিলেন। সে কারণে সংবাদপত্রের জবাবদিহি নিশ্চিত করা এবং একইসঙ্গে সংক্ষুব্ধ ব্যক্তিরা যাতে একটি জুডিশিয়াল বোর্ডের কাছে গিয়ে তাদের অনুযোগ উপস্থাপন করতে পারে সেই লক্ষ্যে তিনি এই প্রেস কাউন্সিল গঠন করেন।”

যুগের সঙ্গে সংবাদ মাধ্যমের বহুমাত্রিকতা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, “প্রেস কাউন্সিল তার ৪৯ বছরের পথ চলায় দেশে সংবাদপত্রের সাথে জনগণের, পাঠকের যোগসাজশ ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে সংবাদমাধ্যম শুধু প্রিন্ট মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, যখন প্রেস কাউন্সিল গঠিত হয়েছিল তখন অনলাইন গণমাধ্যম ছিল না এবং এত সংবাদপত্রও ছিল না। ফলে প্রেস কাউন্সিল তার আইনানুসারে সংবাদপত্র ছাড়া অন্য ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না।”

অনলাইন পত্রিকা ও পত্রিকার অনলাইন ভার্সনগুলোকে আওতায় আনা ও প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার লক্ষ্যে কাউন্সিলের সদস্যরাই কয়েক বছর ধরে অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি খসড়া আইন চূড়ান্ত করার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, “প্রেস কাউন্সিলের বেশির ভাগ সদস্য সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতা ও পত্রিকার সম্পাদক। তারাই এটি চূড়ান্ত করেছেন। কিন্তু খসড়া চূড়ান্ত হয়ে যখন আইন প্রণয়নের দিকে যাচ্ছিল, তখন এর বিরোধিতা শুরু হয়েছে। সব দেশেই আইন সংশোধন করা হয়, অথচ বাংলাদেশে আইন যুগোপযোগী করতে গেলেই একটা পক্ষ এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আশা করি প্রকৃত সাংবাদিকরা এ বিষয়ে এগিয়ে আসবেন।”

যারা বিরোধিতা করছে তাদের নিয়ে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাহেবকে বসতে বলা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আলাপ-আলোচনা করলে ভুল বোঝাবুঝির নিরসন হবে।

বর্তমান বাস্তবতা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “এখন ফেইসবুক পেজ খুলে সেটিকেও গণমাধ্যম হিসেবে প্রচার করা হয়। সংশ্লিষ্ট সবাই আবার সাংবাদিক পরিচয় দেয়। গ্রামে-গঞ্জে এখন যে ভুঁইফোড় অনলাইন পোর্টাল, ভুঁইফোড় ফেইসবুক, আবার একটা ক্যামেরা নিয়ে ঐটাই একটা মিডিয়া -এটিই বাস্তবতা।

“কোনটি প্রকৃত সংবাদমাধ্যম এবং কে সাংবাদিক, তা নিয়ে বিরাট বিভ্রান্তি তৈরি হয়েছে। এগুলোর একটা সুরাহা হওয়া প্রয়োজন।”

উন্নয়নশীল দেশের উদাহরণ টেনে ‘রাষ্ট্রকে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিকাশ অপরিহার্য’ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।