বিএনপির সমাবেশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী
সমাবেশ পেছানোর খবরে কাউকে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা।
বিএনপির সমাবেশের দিন পেছানোর ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়া পল্টনে সমাবেশের আগের দিন মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কার্যালয়ে এক ‘জরুরি’ সংবাদ সম্মেলনে এসে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘‘বিএনপির প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘বিএনপির সমাবেশ আগামীকাল ১২ জুলাই বুধবারের পরিবর্তে ২২ জুলাই শনিবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো যার যার অবস্থানে থেকে সমাবেশ করবে’; যা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর ও জনমনে সংশয় সৃষ্টি করার অপচেষ্টা মাত্র।
‘‘সুপরিকল্পিতভাবে সমাবেশকে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা এই অপপ্রচার চালাচ্ছে। আমার ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষর দেখিয়ে যে বিবৃতি দেয়া হয়েছে যা ডাঁহা জালিয়াতি।”
রিজভী বলেন, ‘‘আমি সুস্পষ্টভাবে আবারও আপনাদের সামনে বলতে চাই, বুধবার ১২ জুলাই নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনও ধরনের অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
বুধবারের সমাবেশ থেকে বিএনপির সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।
