Published : 24 Jul 2023, 12:36 PM
খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পদত্যাগের একদফার দাবিতে ছয় ঘণ্টার অনশন কর্মসূচিতে বসেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই অনশন শুরু হয়েছে সোমবার বেলা ১১টায়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির শুরুতে অংশ নেন।
বিএনপি নেতাদের মধ্যে আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), শাহজাদা মিয়াসহ সারাদেশ থেকে আসা দেড় শতাধিক মুক্তিযোদ্ধা এই অনশনে অংশ নেন।
দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ কেন্দ্রীয় নেতারাও অনশনস্থলে ছিলেন।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় বিভিন্ন জেলা থেকে আসা প্রবীণ মুক্তিযোদ্ধারা সেখানে বক্তব্য দিচ্ছেন।

রুহুল কবির রিজভী বলেন, “আজকে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা এখানে সকাল-সন্ধ্যা অনশনে কর্মসূচি পালন করছেন। আমি বলব এটা শুধু অভূতপূর্ব দৃশই নয়, ওই তরুণ বয়সে যারা মাতৃভূমির মুক্তির জন্য, দেশ মাতিৃকাকে মুক্ত করার জন্য, স্কুল-কলেজ থেকে ছুটে গিয়ে হাতে অস্ত্র নিয়ে নিজের বুক চিতিয়ে যারা যুদ্ধ করেছেন, তারাই এখানে সারা দিন অনশনে বসেছেন দেশনেত্রীর মুক্তির জন্য, সরকারের পতনের একদফার জন্য।
“এখানে সব দেশবরেণ্য মুক্তিযোদ্ধারা আছেন। প্রত্যেকেই উনারা রনাঙ্গণের মুক্তিযোদ্ধা। এই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে পাবেন না। ওরা হল মুখে খৈ ফুটানোর মুক্তিযোদ্ধা, ওরা হলো গায়ের জোরের মুক্তিযোদ্ধা। ওরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নয়।”
আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধ নিয়ে ‘ব্যবসা’ করছে অভিযোগ করে রিজভী বলেন, “মুক্তিযুদ্ধের মূল চেতনাই হচ্ছে গণতন্ত্র। পাকিস্তানিরা আমাদের অধিকার দিতে চায়নি। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধে রূপ নিল। কিন্তু ওরা আওয়ামী লীগ কখনো সত্য কথা বলতে জানে না। তারা বরণ্যে মুক্তিযোদ্ধাদের অপমান করে, অসম্মান করে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে মুক্তিযোদ্ধাদের অনশন ভাঙাবেন বলে জানান মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান।