সামনে নির্বাচন, তাই তারা ভদ্র সাজছে: ফখরুল
শিগগিরই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ সরকার আবারও ‘যেনতেনভাবে’ ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “সামনে নির্বাচন আছে। এজন্য তারা (ক্ষমতাসীনরা) একটু চেহারা পাল্টিয়ে ভদ্রলোক সাজছে… সেই হিসেবে দেখানোর চেষ্টা করা..লক্ষ্য একটাই, যেনতেন প্রকারে… সেটা শক্তি দিয়ে হোক, যেভাবেই হোক, তারা আবারও একইভাবে নির্বাচনটাকে তাদের পক্ষে নিয়ে আসতে চায়। সেভাবেই তারা নীল নকশার চক্রান্ত করছে।”
বিরোধী দল যাতে নির্বাচন করতে না পারে তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, “এটা বলার অপেক্ষা রাখে না এই সরকারের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেই কারণে আমাদের পরিষ্কার কথা… পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করে তাদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।”
শিগগিরই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
জামিন পাওয়া নেতাকর্মীদের আবার জেলগেট থেকে গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “গতকাল আমাদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ সাহেব হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন, জেলগেটে আবার তাকে নতুন মামলা দিয়ে আটক করে রেখেছে। প্রত্যেকের ক্ষেত্রেই এটা হচ্ছে। রাজশাহীর মিলন জামিন পেয়েছেন, জেলগেটে আবার নতুন মামলা দিয়ে তাকে আটকিয়ে রেখেছে।
“এটা কোন ধরনের রাষ্ট্র, কোন ধরনের প্রশাসন, কোন ধরনের শাসন ব্যবস্থা যে, শুধুমাত্র বিরোধী রাজনীতি করার কারণে আপনার বিরুদ্ধে মামলা দেবে? …তাকে জেলে রাখার জন্য… কি করছে সরকার। হাই কোর্ট থেকে জামিনের পরও ছাড়া পাচ্ছে না।”
২৯ জুলাই ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচিতে লোকসমাগম বেশি হয়নি বলে যে প্রচারনা আছে, সেই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এই কথার সাথে আমি একমত নই। এই কর্মসূচিতে আমাদের প্রচুর লোক, হাজার হাজার, লক্ষ নেতাকর্মী ছিল।”
“পুলিশ হামলা চালিয়েছে, আপনারা নিজেরাও সব দেখেছেন। পুলিশ ও সন্ত্রাসীরা হামলা করেছে, মারপিট করেছে, এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে, আমাদের স্থায়ী কমিটির সদস্যকে পর্যন্ত ওরা কিভাবে হামলা করেছে, লাঠিপেটা করেছে। আমাদের সিনিয়র নেতাদের পিটিয়েছে। কতজনকে মেরেছে, কত আহত হয়েছে, কত গ্রেপ্তার হয়েছে সবই গণমাধ্যমে এসেছে।”
