বিরোধী দলকে ভোটে চায় না সরকার: ফখরুল
“আমাদের অনেককে নির্বাচনের আগে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন”, বলেন বিএনপি নেতা।
সরকার বিএনপিকে নির্বাচনে আসতে দিতে চায় না বলে অভিযোগ করেছেন বিরোধী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর অংশ হিসেবেই বিএনপি নেতাদেরকে বিভিন্ন মামলায় শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
গুলশানে হোটেল লেকশোরে ‘বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ইন্দো-প্যাসেফিক কৌশল’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ফ্রান্স, কোরিয়া, অষ্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের কুটনীতিকরা উপস্থিত ছিলেন।
বিএনপির তিন জন সংসদ সদস্যসহ প্রায় সাতশ নেতা-কর্মী গুম, প্রায় ৪৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দেওয়ার অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, “আমাদের অনেককে নির্বাচনের আগে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন।
‘‘এর একটাই কারণ, যেন বিরোধী দল নির্বাচনে না আসতে পারে, একমাত্র আওয়ামী লীগই ক্ষমতায় যাবে”, বলেন ফখরুল।
‘শান্তিপূর্ণ’ আন্দোলনেই সরকার পতনের বিষয়ে আশাবাদী বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আমরা একটা স্বচ্ছ, অবাধ নির্বাচন চাই বলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চাই। আমি মনে করি, আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের সেই দাবি অর্জন করতে পারব।
“বাংলাদেশের মানুষ সব সময় প্রমাণ করেছে যে, জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে সব সময় শান্তিপূর্ণ আন্দোলন জয়ী হয়েছে। আমরা এবারও বিশ্বাস করি, জনগণ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে।”
‘স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চল চাই’
তিনি বলেন, “আমাদের ইন্দো-প্যাসিফিক ভিশনে জনগণের আশা-আকাঙ্ক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দানের বিষয়টিই প্রতিফলিত হয়েছে। … আমাদের দল বিএনপি জাতীয় স্বার্থ সম্মুন্নত রেখে একটি নিরাপদ ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে নিবেদিত।”
গণতান্ত্রিক বিশ্বে গৃহীত ইন্দো-প্যাসেফিক কৌশল বৈশ্বিক একটি অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকের লক্ষ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থাপত্যকে নতুন করে ঢেলে সাজাবে বলেও আশা করেন বিএনপি নেতা।
তিনি বলেন, “সংযোগের কেন্দ্রস্থল হিসেবে বঙ্গোপসাগরের শীর্ষে বাংলাদেশের অবস্থান পশ্চিম ও পূর্ব গোলার্ধের পাশাপাশি ভারত মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সহযোগিতা, নিয়মতান্ত্রিক ব্যবস্থা, সম্প্রীতি, নিরাপদ নৌ চলাচল, টেকসই অর্থনীতি, মুক্ত বাণিজ্য, জলবায়ু, স্বাস্থ্য, মহামারীর মতো হুমকিগুলোর মোকাবিলার পাশাপাশি একটি অবাধ, মুক্ত, উদার, গণতান্ত্রিক ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে ইন্দো-প্যাসিফিক কৌশল গ্রহণ করেছি।”
বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঞ্চালনায় সেমিনারে বিএনপির শাহজাহান ওমর, তাবিথ আউয়াল, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহেদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামও বক্তব্য রাখেন।
