মজুরি বাড়ানোর উদ্যোগ থেকে সরকার পিছিয়ে যায়নি: জোনায়েদ সাকি
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।
অর্থনৈতিক চাপের মধ্যেও শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ থেকে সরকার পিছিয়ে যায়নি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
তিনি বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশ অনুযায়ী, তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় হওয়ায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা হয়েছে।”
তিনি বলেন, “শ্রমিকেরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। দেশে গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বেড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণেও অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি।”
প্রতিমন্ত্রী বলেন, “শ্রমিকেরা তাদের দাবি জানাবেন, মালিকপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরবেন। আলোচনার মধ্য দিয়েই একটি মজুরি কাঠামো নির্ধারিত হবে।”
তিনি বলেন, “বাংলাদেশের শিল্প-কারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, আবারও এমন চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে।”
