যারা দেশকে ভালোবাসেন, ঐক্যবদ্ধ হোন: ফখরুল
“জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ; আজকে সেই জায়গায় আঘাত এসেছে।”
অপশক্তিকে রুখে দিতে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “এখন কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়; সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই; তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।
“আমি আপনাদের আহ্বান জানাব—এখন একাত্মতা প্রকাশ করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়; সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হোন…এই অপশক্তিকে রুখে দিতে হবে।”
প্রথম আলো-ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে মঙ্গলবার আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকার সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াবের উদ্যোগে এ যৌথসভা আয়োজন করা হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এ খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
দুই পত্রিকা ভবনে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, “আমরা যারা সারাজীবন সংগ্রাম করেছি—একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি দেখিনি। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়; আজকে গণতন্ত্রের উপর আঘাত করেছেন।
“আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, আমার কথা বলার যে অধিকার, তার ওপরে আবার আঘাত হয়েছে, জুলাই যুদ্ধের উপরে আঘাত হয়েছে। জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে।”
