২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের নিয়ে মঈন খানের নৈশভোজ

ঈদ উপলক্ষে বিএনপি নেতা আব্দুল মঈন খানের দেওয়া এক নৈশভোজে একত্র হয়েছিলেন ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 10:30 AM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শনিবার ঈদের রাতে ঢাকার গুলশানে সাবেক মন্ত্রী মঈন খানের বাড়িতে এই নৈশভোজে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ, চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন, কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়েরে লাঘামে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এছাড়া নেদারল্যান্ডস, কোরিয়া, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের ‍কূটনীতিকরা অংশ নেন এই নৈশভোজে।

হরকে রকমের পোলাওয়ে অতিথিদের আপ্যায়িত করেন মঈন খান ও তার স্ত্রী। এর মধ্যে ছিল ইলিশ পোলাও, মুরগি পোলাও, বাসমতি চালের পোলাও, পুরনো ঢাকার কাচ্চি বিরিয়ানি।

এছাড়াও ছিল মাংসের তিন ধরনের রেজালা, কাবাব, মুরগির রোস্ট, সামুদ্রিক মাছের কোপ্তা। কাঁঠাল দিয়ে ডাল এবং নানা রকমের সবজিও ছিল খাবারের তালিকায়।

মূল খাবারের পর সেমাই, জর্দ্দা, পায়েস ও নানা ধরনের মিষ্টি ও ফল ছিল। শেষে ছিল চা ও কফি।

রকমারি এই খাবার খেয়ে রাত সাড়ে ১০টায় মঈন খানের বাড়ি থেকে রাষ্ট্রদূতদের বহনকারী পতাকাবাহী গাড়িগুলো বেরিয়ে যেতে দেখা যায়।

মঈন খানের এক সহকারী জানান, এটি ছিল বিএনপি নেতার ব্যক্তিগত একটি সামাজিক অনুষ্ঠান।

ঈদের সকালে নরসিংদীর পলাশে নিজ নির্বাচনী এলাকায় ছিলেন মঈন খান। সেকারণে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ছিলেন না তিনি।