২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির রফিকসহ ২৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

রাজধানীর মিরপুর থানার নাশকতার এক মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 04:28 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

তাদের গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন দিতে বিচারক আগামী ২৩ অগাস্ট দিন রেখেছেন বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বছরের শুরু থেকে বিএনপি-জামায়াত জোটের ৯২ দিনের সরকারবিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৩০ জানুয়ারি মিরপুর থানায় এএসআই স্বপন কুমার মণ্ডল এ মামলা করেন।

এরপর ২৪ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমানসহ ৩২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩২ আসামির মধ্যে সাবেক সাংসদ সৈয়দা আশরাফি পাপিয়া, নাসির হোসেন, মোশাররফ হোসেন এ মামলায় জামিনে রয়েছেন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে রুহুল কবীর রিজভী, আমানউল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল, বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, হাবিবুন নবী সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নিরব, আজিজুল বারী হেলালও রয়েছেন।

পরোয়ানা প্রাপ্তদের মধ্যে রুহুল কবীর রিজভী সম্প্রতি নাশকতার আট মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। তবে নাশকতার আরও মামলা থাকায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নাশকতার আরও এক মামলায় সোমবার পরোয়ানা জারি করেছে আদালত।

পুরনো খবর:

আরও ৮ মামলায় রিজভীর জামিন, মুক্তিতে বাধা নেই দুদুর
রফিকুলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা