২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুশাসন নেই: বাবলু

বর্তমান সরকার বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 07:12 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বৃহস্পতিবার সংসদে বাজেট নিয়ে আলোচনায় দাঁড়িয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বিরোধী দলের এই নেতা, যার দলের অংশগ্রহণ সরকারেও রয়েছে।

সম্প্রতি ফেনীতে ইয়াবাসহ পুলিশের এক সদস্যের গ্রেপ্তারের ঘটনা তুলে ধরে বাবলু বলেন, “দেশে সুশাসন নেই।”

সংসদে বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করতে ছাড়বেন না বলে জানান তিনি।

“আপনাদের শুনতে ভালো লাগবে না। কিন্তু, আমরা অপ্রিয় সত্যটি তুলে ধরব। তবে আমরা ফাইল ছুড়ে মারব না। আমরা সরকারের ব্যর্থতা তুলে ধরব।”

সাবেক ছাত্রনেতা বাবলু বর্তমান ছাত্র রাজনীতির সমালোচনা করে বলেন, “আমি উপাচার্যের বাসভবন চিনতাম, ডাকসু চিনতাম, মধুর ক্যান্টিন চিনতান। কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চিনতাম না।”

“এখন ছাত্র রাজনীতির নামে টেন্ডারবাজি চলছে, ইঞ্জিনিয়ারকে গুলি করা হচ্ছে,” বলেন ডাকসুর জিএস থাকা অবস্থায় সামরিক শাসক এইচ এম এরশাদের মন্ত্রিসভায় যোগ দেওয়া বাবলু।

বাজেটর উপর আলোচনায় দাঁড়িয়ে শুরুতেই অধিবেশন কক্ষে অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সাংসদদের সুপারিশগুলো লিখতে গ্যালারিতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে অসন্তোষ জানান এই সংসদ সদস্য।

“আমাদের কথা ফলপ্রসূ হতো, যদি তারা এখানে উপস্থিত থাকতেন।”

সুইস ব্যাংকে রাখা বাংলাদেশি নাগরিকদের টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব।

“চার হাজার ২৮৩ কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয়েছে। এগুলো কার টাকা জানতে চাই? এই টাকা ফেরত আনতে হবে। এদের চিহ্নিত করতে হবে।”

সোনালী ব্যাংকের ১০ হাজার কোটি টাকা লুট হয়েছে দাবি করে তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, সরকার জনগণের অর্থ লুটপাট বন্ধ করতে পারে নাই। অনেক কমিটি করেছেন, এই ১০ হাজার কোটি টাকা উদ্ধার করতে পারেন নাই।”

সরকারি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে বাজেটে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখায় আপত্তি জানিয়ে বাবলু অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, “লুটের টাকা রিপ্লেস ট্যাক্সপেয়ারদের টাকায় করার দায়িত্ব কে আপনাকে দিয়েছে?”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেইনে করার কাজ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে চট্টগ্রামের এই সংসদ সদস্য বলেন, “আমরা যোগাযোগ (সড়ক পরিবহন) মন্ত্রীর কথা শুনতে চাই না।”