২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অস্তিত্ব থাকবে না: মায়া

রাজনৈতিক দল হিসেবে বিএনপির টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 10:46 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বক্তব্যে এই সংশয়ের কথা জানান তিনি।

মায়া বলেন, “বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ২০ দলীয় জোট কখনোই ভাঙবে না। তার কথা থেকেই প্রমাণিত হয়, শুধু ২০ দলীয় জোট না, বিএনপি নামক রাজনৈতিক দলটিরই অস্তিত্ব থাকবে না।”

বিএনপিকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দল আখ্যায়িত করে তিনি বলেন, এই ধরনের কোনো দলের অস্তিত্ব থাকবে না, এটাই দেশের মানুষের প্রত্যাশা।

বিএনপির মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবি প্রত্যাখ্যান করে মন্ত্রী মায়া বলেন, “২০১৯ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এই নির্বাচনে বিএনপি না এলে তাদের আমও যাবে ছালাও যাবে।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও বলেন, “এই কথার মধ্য দিয়েই প্রমাণিত যে বিএনপি দেউলিয়া হয়ে গেছে। অচিরেই বিএনপি নামক দলটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।