সরকারের জবাবদিহিতা না থাকায় আইনশৃঙ্খলার অবনতি: বিএনপি
সরকারের জবাবদিহিতা না থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার এক সংবাদ ব্রিফিংয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, দেশে কোনো জবাবদিহিমূলক সরকার নেই। বর্তমান সরকার কাউকে জবাবদিহি করে না। কারণ হচ্ছে, তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়।
“জনগণের ভোটে সরকার হলে জনগণের প্রতি দায়বোধ থাকে। আমরা মনে করি, জবাবদিহিতার অভাবে আইনশৃঙ্খলার এই অবনতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে।”
এক নারী পুলিশ সদস্যের ধর্ষণের বিষয়ে পত্রিকার খবরকে উল্লেখ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিম্নগামী হয়েছে, যার ফলশ্রুতিতে আইন প্রয়োগকারী সংস্থার একজন নারী পুলিশ সদস্যও ধর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি।
“আরো খারাপ বিষয় হচ্ছে, ওই নারী পুলিশ সদস্য তার সহকর্মীদের দ্বারা ধর্ষিতা হয়েছেন। যারা আইন রক্ষা করছেন, অন্যদেরকে আইনের সুরক্ষা দেবেন, তারা যখনই এই ঘটনার নায়ক হয়ে উঠেন অথবা খলনায়ক হয়ে যান, তখন পরিতাপের কিছু থাকে না।
“সমাজ, রাষ্ট্র মূল্যবোধে কতটা নিচু স্তরে চলে গেছে, যখন এ ঘটনার পরও আমরা নির্বিকার হয়ে থাকি। বিএনপি এই ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে।”
ফেনীতে অস্ত্রসহ শাসক দলের ক্যাডাররা গ্রেপ্তার হয়েছে উল্লেখ করে রিপন বলেন, “এরকম ঘটনা প্রতিনিয়ত বাড়ছে।”
এসময় উদাহরণ হিসেবে সরকারি দলের নারী সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির গুলিতে দুজনের নিহত হওয়ার বিষয়ে পত্রিকার খবরের কথা উল্লেখ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন।
“পত্রিকায় খবর এসেছে, সাংসদপুত্রকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এটা স্পষ্ট যে, ঘটনাটি শাসক দলের এমপি তনয়ই ঘটিয়েছেন। হত্যাকাণ্ডের নায়ক তিনি।”
এই ঘটনায় সাংসদপুত্র ‘রেহাই পেয়ে যাবে’ শঙ্কা প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, তাহলে ধর্ষণের ঘটনা থেকে শুরু করে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে যেসব ঘটনা ঘটছে, তাতে করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে যাবে।
অপরাধীরা শাসক দলের হলে তারা পার পেয়ে যান, বিরোধী দলের হলে মিথ্যা মামলা দিয়ে তাদের মাসের পর মাস কারাগারে আটক রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
“আমরা মনে করি, বর্তমান এই পরিস্থিতির জন্য ৫ জানুয়ারির নির্বাচনই দায়ী। জনগণের কাছে জবাবদিহি সরকার থাকলে এমনটা হতো না।’’
ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, “আমরা দেখেছি, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালযে নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে, নৃতাত্ত্বিক জনগোষ্টির একজন নারী ধর্ষনের শিকার হয়েছেন। আমরা বার বার এসব ঘটনার জন্য সরকারের কাছে প্রতিকার প্রার্থনা করেছি।
“কিন্তু আমরা দেখছি, বিচারহীনতার সংস্কৃতি দেশে বিরাজ করছে। কোনো অপরাধ করলে অপরাধীর সাজা হয় না, বরং অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তেমন ধরনের পরিবেশ ও রাজনৈতিক সংস্কৃতি যখন অব্যাহত থাকে তখনই দুর্বৃত্তপনা সমাজে-রাষ্ট্রে ব্যাপক রূপ পরিগ্রহ করে।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির মুখপাত্র বলেন, “সরকারের একজন তথ্যমন্ত্রী আছেন। যদিও সরকার তাকে তথ্যমন্ত্রী বলে থাকেন। কিন্তু আমার মনে হচ্ছে- তিনি খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী। তিনি সর্বদা কথা-বার্তার আগে বলার আগে কিভাবে বেগম জিয়াকে কিভাবে নির্মূল করা যাবে- এরকম কথা বলে থাকেন। অরুচিকর, অশালীন, বিদ্বেষমূলক, হিংসাত্মক, ঝগড়াটে কথা-বার্তা মন্ত্রীর মুখ থেকে বেরিয়ে আসে।
“শাসক দলের কিছু কিছু মন্ত্রী আছেন, তাদের মুখ থেকে সেসব কথা-বার্তা বেরোয়, তা গণতন্ত্র সমুন্নত রাখার পথ নয়। ওইসব কথা-বার্তা রাজনৈতিক দলের মধ্যে আস্থা তৈরি করার ক্ষেত্রে খুবই অন্তরায়।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কাযার্লয়ে সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামসুল আলম তোফা ও আকম মোজাম্মেলন হক।
