শুভেচ্ছা বিলবোর্ডও নামাতে হবে: নাছিরকে মন্ত্রী
চট্টগ্রামে নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে লাগানো বিলবোর্ড নামিয়ে ফেলতে বলেছেন সড়কপথ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিনকে নগরীর বিভিন্ন স্থানে তার নামে লাগানো বিলবোর্ড নামিয়ে ফেলার অনুরোধ করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “পৃথিবীর কোন দেশের রাস্তা এমন বিশৃঙ্খল দেখিনি, যত্রতত্র বিলবোর্ড দেখিনি। দিল্লি-আগ্রা হাইওয়েতে কোন বিলবোর্ড, ব্যানার-পোস্টার দেখিনি। আইল্যান্ডের ওপর বিলবোর্ড দেখিনি।”
তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতা প্রধান অন্তরায়। নতুন মেয়র সে লক্ষ্যে কাজ শুরু করেছেন। আর পরিচ্ছন্নতার প্রধান অন্তরায় বিলবোর্ড।
ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে আইল্যান্ডসহ সড়কের যত্রতত্র বিলবোর্ড-ব্যানার দেখা যায়। সুন্দর চট্টগ্রামের শোভা হারিয়ে যাচ্ছে বিলবোর্ডের কারণে।
মন্ত্রী বৈঠকে থাকা নাছিরকে উদ্দেশ করে বলেন, “আপনার নামে যেসব বিলবোর্ড আছে সেগুলো আগে নামান। ঢাকার সাঈদ খোকনকেও বলেছি।
“আপনি বয়সে অনেক নবীন, আপনাকে দিয়ে কাজ হবে সে বিশ্বাস আমার আছে। বড়ভাই হিসেবে আমার দাবিও আছে। আমার আস্থা আপনি পারবেন।”
বিলবোর্ড অপসারণে ‘রাজনৈতিক’ বাধাকে প্রধান মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “সাহসের সঙ্গে এ বাধা অতিক্রম করতে হবে। আমার বিশ্বাস নতুন মেয়র এতে সফল হবেন।”
জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন বন্দরনগরী গড়তে সড়কপথ মন্ত্রীর সহযোগিতা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরী ও জেলার যানবাহন ব্যবস্থার শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
গত ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
মেয়র হিসেবে শপথের পর বিভিন্ন ওয়ার্ড, সংগঠন, দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এছাড়া নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বিলবোর্ড টাঙিয়েছেন।
শপথ নেওয়ার পর পরিচ্ছন্ন নগরী গড়তে বিভিন্ন এলাকায় স্থাপিত অবৈধ বিলবোর্ড উচ্ছেদের ঘোষণা দেন নাছির উদ্দিন।
এদিকে পরিবহন মালিকÑশ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে সড়কপথ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে চট্টগ্রামের যানবাহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মেয়রকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- নগর পুলিশ প্রধান আবদুল জলিল মন্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বৈঠকে বাস, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের শ্রমিক-মালিক নেতাদের বক্তব্য শোনার পর এ কমিটি করার ঘোষণা দেন মন্ত্রী।
তিনি বলেন, নগরীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এটি পরিচ্ছন্নতার অংশ। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করা যাবে।
