রফিকুলের জামিনাদেশ আটকায়নি
রাজধানীর দুই থানার সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার আগাম জামিনের আদেশ বহাল রয়েছে।
বুধবার রফিকুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।
এর ফলে বিএনপির এই নেতার আগাম জামিন বহাল থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী এ কে এম এহসানুর রহমান।
আদালতে রফিকুলের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, তার সঙ্গে ছিলেন এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
রফিকুলের আবেদনে গত ২৬ মে হাই কোর্ট তার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।
বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় বিভিন্ন মামলায় রফিকুলকে আসামি করে পুলিশ।
বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের অন্য দুই মামলায় গত রোববার রফিকুল ইসলাম মিয়া ও আমানউল্লাহ আমানসহ ২৭ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
