পুঁজিবাজার লুটের টাকায় টিভি হয়েছে: ফিরোজ রশীদ
দুর্নীতিবাজদের ধরতে সরকার সচেষ্ট নয় বলে অভিযোগ করেছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
মঙ্গলবার সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের উপর আলোচনায় তিনি বলেন, “আমাদের শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছে। অনেকে টাকার পাহাড় গড়েছে, ব্যাংক করেছে, মিডিয়া গড়েছে।
“তাদের বিরুদ্ধে একটা মামলা হয় নাই। আজকে টেলিভিশনের মালিক কারা? চ্যানেলের মালিক কারা? এই শেয়ার মার্কেটের টাকা নিয়ে করেছে। সরকার তাদের কাছে যায় না।”
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবং বেসিক ব্যাংক থেকেও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে দাবি করেন ফিরোজ রশীদ।
তিনি বলেন, “যার জীবনে একটি টিন (টিআইএন) নাম্বার ছিল না, হঠাৎ করে দেখা গেল, তিনি একটি ব্যাংকের মালিক হয়ে গেছেন। যখন অনুমোদন দেওয়া হয়, তখন দেখা হয় না, উনি কোনোদিন ট্যাক্স দিয়েছেন কি না।”
“সর্বত্রই আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে,” বলেন জাতীয় পার্টির এই নেতা।
সম্পূরক বাজেটের উপর আলোচনায় সমাপনী বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বিভিন্ন সংসদ সদস্যের নানা অভিযোগের জবাব দেন।
তিনি বলেন, “বাজেটের সমালোচনা করছেন। এক সময় বাজেটের আকার নিয়ে বলা হত ‘কল্পনাবিলাসী’ বাজেট। এখন আর তা বলা হয় না; বলা হয়, বড় বাজেট। এক সময় আসবে, যখন বাজেটের পর বলা হবে স্বাভাবিক বাজেট।”
“একজন সাংসদ বলেছেন, ৬ ভাগ প্রবৃদ্ধি না কি এমনিতেই অর্জন হয়ে যাবে। শুয়ে বসে থাকলেই না কি এটা হত। না এটা ঠিক না। আমরা ৬ ভাগ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে অর্জন করে যাচ্ছি। এর কারণ আমরা এখানে টেকসই অবস্থায় এসেছি,” বলেন তিনি।
