মন্ত্রণালয়গুলোর ব্যয়ের হিসেব জানতে চান সুরঞ্জিত
সম্পূরক বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত খরচের বিস্তারিত বর্ণনা দাবি করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
মঙ্গলবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
চলতি ২০১৪-১৫ অর্থবছরে বেশি ব্যয় করা মন্ত্রণালয়গুলোর সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “লাগলে নিয়ে যান। এই পার্লামেন্ট দিবে। কিন্তু কোথায়, কিভাবে, বেশি লাগলো সেটা বলেন।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খরচের বিষয়ে সাবেক এই মন্ত্রী বলেন, “আপনি রক্ষণাবেক্ষণ, মেরামতে টাকা বরাদ্দ চান। আমরাতো নতুন গাড়ি দিতে চাই। বলেন কোথায় কত টাকা খরচ হয়েছে।
“বলেছেন অবসর ভাতার জন্য বেশি লাগবে। এরজন্য সম্পূরক বাজেট দিতে হবে? জানেন না কয়জন অবসরে যাচ্ছেন? আনুতোষিক কত সেটা জানেন না?”
পরিকল্পনা মন্ত্রণালয়ের বিষয়ে সুরঞ্জিত বলেন, “বলেছেন বিশেষ প্রয়োজন। সেটা কী? সম্পূরক বাজেটে সংসদকে বাইপাস করবেন? অবশ্যই সংসদের কাছে অ্যাকাউন্টেবল হতে হবে।”
বাজেটে বরাদ্দ দেওয়া অর্থ বেশি খরচ করলে সংসদের অনুমোদন নেওয়ার বিধান রয়েছে।
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের সঙ্গে সম্পূরক বরাদ্দ নিয়ে সংসদে বিবৃতি দেওয়া হয়। তবে ওই বিবৃতিতে কোথায়, কত টাকা খরচ হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু থাকে না।
সম্পূরক বাজেট অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে পাঠানোর জন্য সংসদের কার্য প্রণালী বিধি সংশোধনের দাবি করেন সুরঞ্জিত।
তিনি আরও বলেন, “৩২টি মন্ত্রণালয় খরচই করতে পারে নাই। কেন পারে নাই সেটা বলতে হবে। বলছেন নতুন প্রকল্পের জন্য বেশি খরচ হইছে। প্রকল্পের নাম কি? কি পাইছেন পার্লামেন্টরে?
“যারা বেশি খরচ করছে তাদের নাম আছে। যারা খরচ করতে পারে নাই তাদের নাম নাই। ইজ ইট নট অ্যা সাপ্রেশন অব ফ্যাক্ট?”
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাড়তি খরচের বিষয়ে তিনি বলেন, “বেশি বরাদ্দ দিবেন, দেন। কিন্তু ব্যাংকের অবস্থা কি? বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। অর্থমন্ত্রী যদি একটা তদন্তও করতেন খুশি হতাম। কতটাকা আদায় করেছেন? কয়টা মোকদ্দমা করেছেন? এটা বলেন, টাকাও নেন।”
অবশ্য সশস্ত্র বাহিনী বিভাগের বিষয়ে এ বিষয়ে তিনি কোনও আপত্তি করেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর জন্য বাজেটে বরাদ্দের বিষয়ে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগে বেশি গেছে, যাক। আরও বেশি দিতে রাজি আছি।”
