২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দানেশে মুখোমুখি আওয়ামী লীগ

হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র হত্যায় জড়িতদের বিচার দাবিতে করা মানববন্ধনে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 06:30 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

গত ২৩ মে জেলা শহরের নিমতলায় আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনাটি ঘটে।  

ওই ঘটনায় ২৮ মে দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন কোতোয়ালি থানায় একটি মামলা করেন, যেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ইবনে রজ্জবসহ সংগঠনটির আট জনকে আসামি করা হয়।

কোতোয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

১ জুন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহ রেজওয়ানউর রহমান পলাশ মামলা করেন দিনাজপুরের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে।

ওই মামলায় আওয়ামী লীগ নেতা আশফাক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ১১ জনকে আসামি করা হয়।

এ মামলায় বাদীর আইনজীবী সলিমুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

প্রথম মামলায় বাদী আশফাক হোসেন অভিযোগ করেন, গত ১৬ এপ্রিল হাজী দানেশের দুই ছাত্র খুন হন। ওই হত্যার বিচারের দাবিতে ২৩ মে শহরের নিমতলায় করা মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগ নেতা রজ্জবের নেতৃত্বে হামলা চালানো হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশের অভিযোগ, অমীমাংসিত ছিটমহল বিষয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিল পাশের পর ২৩ মে স্বেচ্ছাসেবক লীগ একটি আনন্দ মিছিল নিয়ে শহরের নিমতলা দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।