পুলিশের কয়েকজন সদস্য বাড়াবাড়ি করছেন: খালেদা
পুলিশ বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ করার অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এসব পুলিশ সদস্যদের হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেছেন, “তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বাড়াবাড়ি বন্ধ করুন। এর পরিণতি খুব খারাপ ও ভয়াবহ হবে।”
মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন বিএনপি নেত্রী।
রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি কমিশনার কার্যালয় ঘেরা কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “পহেলা বৈশাখে টিএসসির কাছে নারী লাঞ্ছনার ঘটনার কথা আপনারা সবাই জানেন। ওই ঘটনা সব মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশের জন্য লজ্জার। অথচ এই সরকার এতোই নিলর্জ্জ ও বেহায়া যে, ওই হামলার ঘটনার সঙ্গে তাদের লোকজন জড়িত বলে ওদের গ্রেপ্তার করেনি।
“কেবল তাই নয়, ওই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েছিল ছাত্র-ছাত্রীরা। দেশটাকে সরকার একটা পুলিশি রাষ্ট্র বানিয়েছে। ওই পুলিশরা ছাত্র-ছাত্রীদের মাথা টার্গেট করে। তারা পায়ে গুলি করে। প্রতিবাদ করা ছাত্র-ছাত্রীদের কীভাবে পুলিশ মেরেছে, আপনারা দেখেছেন। এভাবে নতুন প্রজন্মকে সরকার ধবংস ও পঙ্গু করে দিতে চায়।”
সদ্য অনুষ্ঠিত তিন করপোরেশন নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, “সিটি নির্বাচনে কীভাবে ভোট ডাকাতি ও গুন্ডামি হয়েছে তা দেশবাসী সবাই দেখেছে। পুলিশসহ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নিজেরা সিল মেরেছে। এটা কোনো দেশের পুলিশ বাহিনী হতে পারে না। পুলিশ কখনোই দলের হতে পারে না, তারা হবে রাষ্ট্রের।”
‘সরকার পুলিশ ও র্যাবের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে আছে’ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “সব পুলিশের কথা বলছি না। সরকারি দলের পদলেহনকারী কিছু সংখ্যক সদস্য এসব করছে।কয়েকজনের নাম তো সবাই জানে। এদের নাম উচ্চারণ করা ঠিক হবে না।
“এখনো সময় আছে, মানুষের উপর অন্যায়- অত্যাচার বন্ধ করুন। আপনারা যে অন্যায়-অত্যাচার করছেন-পাঁচ বছর, দশ বছর, বিশ বছর হোক এর বিচার হবেই হবে। কেউ ছাড় পাবে না।”
সিটি নির্বাচন নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদকে ‘অন্ধ ও অথর্ব’ অভিহিত করে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন বিএনপি প্রধান।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভা হয়। এতে মুক্তিযোদ্ধা দলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খালেদা জিয়া বলেন, “তিলে তিলে দেশকে সরকার অক্টোপাসের মতো আটকিয়ে ফেলেছে। এই কঠিন অক্টোপাসের বন্দি দশা থেকে বেরিয়ে আসতে হলে মুক্তিযোদ্ধাসহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
“মুক্তিযোদ্ধাদের আরও সক্রিয় হতে হবে। আপনাদের কর্মসূচি দিতে হবে। সারাদেশ ঘুরে সরকারের অপকর্ম তুলে ধরতে হবে।”
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “সরকারের উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে ডুবে গেছে। নিজেরা টাকা বানাচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগকেও বলছে, টাকা কামাও। টেন্ডারবাজি, জমি দখল, সন্ত্রাস, কবরাস্থানের জমি দখল কোনো কিছু বাদ দিচ্ছে না।’’
খালেদা জিয়া বলেন, “ইনশাল্লাহ সত্যের জয় হবেই হবে। ন্যায় প্রতিষ্ঠা হবে। আমরা আশা করছি, জীবিতদশা হলেও এদের করুন পরিণতি আমরা দেখে যেতে পারব।”
কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “আমরা দল গুছানোর কাজ শুরু করেছি। আমাদের নেতাদের কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। তাদের জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরীকে বিনা কারণে আটকিয়ে রাখা হয়েছে। আমি শমসের মবিনসহ সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি করছি।”
আদালতের বিচারকদের প্রতি ‘নিরপেক্ষ’ থেকে ‘সুবিচার’ করার আহ্বান জানান তিনি।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে মন্ত্রণালয় গঠন, মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী।
“গত ৫ বছরে অনেক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে আসতে পারিনি। আগামীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে আমরা মুক্তিযোদ্ধারা যাতে শেষ বয়স পর্যন্ত ভালোভাবে বেঁচে থাকতে পারেন, তার ব্যবস্থা নেব,” বলেন তিনি।
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, “এখন আওয়ামী লীগ জাতীয়তাবাদ চুরি করতে চায়। তারা নাকি জাতীয়তাবাদী। যারা দেশের মানুষকে গুম-খুন করে, নির্যাতন করে, অর্থের পাহাড় গড়ে, লুটপাট করে, বিদেশে থাকে, তারা আর যা-ই হোক জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক হতে পারে না।
“এই দলটি (আওয়ামী লীগ) নিজেদের মুক্তিযুদ্ধের দল বলতে পারে না। তারা মুক্তিযোদ্ধা ভয় পায়। এরা মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে নিজেদের দাবি করে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, শাহ আবু জাফর, ইসলামইল হোসেন বেঙ্গল, ফজলুর রহমান, সাদেক আহমেদ খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের শ্যামা ওবায়েদ প্রমুখ নেতাসহ শতাধিক মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
