ভোটাধিকার কাড়তে মাস্তানবাহিনী মাঠে: সিপিবি-বাসদ
সিটি করপোরেশন নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে মাস্তানবাহিনী নামানো হয়েছে বলে অভিযোগ করেছে সিপিবি-বাসদ।
সোমবার ঢাকা উত্তরে এই দুই দল সমর্থিত মেয়র প্রার্থীর প্রচারণায় ও নির্বাচনী অফিসে হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, “সিটি নির্বাচনে আচরণবিধির বেপরোয়া লঙ্ঘন হচ্ছে। নির্বাচনকে টাকার খেলায় পরিণত করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে মাস্তানবাহিনী নামানো হয়েছে।
“নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে, নির্বাচনী ব্যবস্থা জিয়া-এরশাদের প্রহসনের ধারায় চলে যাবে।”
তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে আহ্বান জানান তিনি।
পল্টনে মুক্তিভবনের প্রগতি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, লক্ষী চক্রবর্তী, শাসছুজ্জামান সেলিম, সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা জাহেদুল হক মিলুও রাজেকুজ্জামান রতন।
রোববার বিকালে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী কাফি রতনের প্রচারণার সময় কল্যাণপুরে কর্মী-সমর্থকদের আওয়ামী লীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা বর্বর হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে আহত করে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সেলিম বলেন, সরকার এসব হামলার দায় কিছুতেই এড়াতে পারে না।
“সিটি নির্বাচনের শুরুতেই টাকার খেলা, পেশিশক্তি প্রদর্শন, ধর্মীয় অনুভূতি ও প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। যতটুকু ক্ষমতা আছে, তা মোটেও নির্বাচন কমিশন প্রয়োগ করছে না।”
