নাশকতার এক মামলায় ফখরুলের জামিন বহাল
নাশকতার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অর্ন্তবর্তীকালীন জামিন বহাল রয়েছে।
তাকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বুধবার চেম্বার আদালতে গেলেও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোনো স্থগিতাদেশ দেননি।
হাই কোর্টের একটি বেঞ্চ গত ১৬ এপ্রিল মির্জা ফখরুলকে ছয় মাসের এই অন্তবর্তীকালীন জামিন দেয়। সেই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দেয়।
এর বিরুদ্ধে বুধবার চেম্বার আদালতে রাস্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। মির্জা ফখরুলের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।
আদেশের পর মোমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিন স্থগিত চেয়ে আবেদনটি করা হয়; চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেন।
“চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেওয়ায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে হাই কোর্টের দেওয়া আদেশই বহাল থাকল।”
গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে চলতি বছর ৬ জানুয়ারি পল্টন থানায় ফখরুলসহ বিএনপিকর্মীদের বিরুদ্ধে এই মামলা করে পুলিশ। তার বিরুদ্ধে একই ধরনের আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।
