২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ খোকনের প্রচারে দলীয় নেতারা

প্রচারের দ্বিতীয় দিন আওয়ামী লীগ নেতারা সঙ্গে নেমেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকনের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 11:05 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

বুধবার প্রচারের এক পর্যায়ে জাতীয় প্রেসক্লাবে প্রায় এক ঘণ্টা ছিলেন আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র প্রার্থী। তার সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

প্রেসক্লাবের ভেতরে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে খোকন বলেন, নির্বাচিত হলে ঢাকা শহরকে সবার বাসযোগ্য ও বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করবেন তিনি।

“আমার প্রয়াত পিতা ঢাকার মেয়র থাকাকালে সুন্দর নগরী গঠনের প্রচেষ্টা চালিয়ে গেছেন। নির্বাচিত হলে পারলে আমিও ঢাকাকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করব।”

নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে না বলে প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের স্ত্রীর অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে সাঈদ খোকন বলেন, “মির্জা আব্বাসের বিরুদ্ধে থানায় যে অভিযোগ রয়েছে, তা আইনি বিষয়। একজন প্রার্থী হিসেবে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।”

ঢাকা দক্ষিণে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন।

এসময় তার সঙ্গে ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা হাসান তারিক চৌধুরী, ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবু তাহের বকুল, ১৩, ১৯ ও ২০ ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শম্পা বসু প্রমুখ।

বাসদ নেতা ফিরোজ সাংবাদিকদের বলেন, জাতীয় পর্যায়ে যেমন বিকল্প নেতৃত্ব দরকার, তেমনি নগর প্রশাসনেও বিকল্প নেতৃত্ব প্রয়োজন।

বামপন্থিদের প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “কোটি কোটি টাকার মালিক প্রার্থীদের বিরুদ্ধে এটি আমাদের নৈতিক আন্দোলন।”

সমর্থনের পাশাপাশি অর্থ দিয়ে সহযোগিতা করতেও নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি- “আপনাদের কাছে ভোটও চাইব, নোটও চাইব।”

শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসংযোগ করেন ফিরোজ।