খালেদার আদালতে হাজির হওয়ার ইঙ্গিত
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে নিজের গুলশানের কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়ার রোববার আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দলের দুই নেতা।
গুলশানের ওই কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অবস্থানকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবার সাংবাদিকদের বলেন, “উনার আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা নির্ভর করছে সকালের পরিস্থিতির ওপর।”
আর খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, “‘ম্যাডাম’ আইন মান্যকারী নাগরিক। তিনি আদালতে যেতে চান, আদালতে যাবেন। তবে এটা নির্ভর করছে বর্তমান পরিস্থিতি বিশেষ করে ‘ম্যাডামের’ নিরাপত্তার বিষয়টির ওপর।”
এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবও বলেছেন, খালেদা জিয়া আদালতে যেতে ‘ইচ্ছুক’।
তবে সেজন্য আগের মতোই ‘পর্যাপ্ত নিরাপত্তার’ শর্ত দেন তিনি।
‘সকালের পরিস্থিতি’ সম্পর্কে কী বোঝাতে চাইছেন জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, “আমরা আগে থেকেই নিরাপত্তার কথা বলে আসছিলাম।”
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। পুলিশি বাধায় ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সেখান থেকেই সারা দেশে অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন। কয়েকদিনের মাথায় ওই কার্যালয় থেকে পুলিশি ব্যারিকেড সরানো হলেও গত তিন মাস ধরে সেখানেই আছেন তিনি।
এরইমধ্যে জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির না হওয়ায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে খালেদাকে আদালতে যেতে আওয়ামী লীগ নেতারা আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি।
দৃশ্যত ওই কার্যালয় থেকে বেরোতে ‘অনাগ্রহী’ বিএনপি নেত্রী একুশে ফেব্রুয়ারি ও স্বাধীনতা দিবসেও শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে যাননি। এ নিয়ে সমালোচনাও হয়েছে তার।
রোববার জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে। বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে এ দুটি মামলার বিচার চলছে।
লাগাতার অবরোধ ডেকে টানা কয়েকটি ধার্য দিনে আদালতে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সর্বশেষ গত ৪ মার্চ খালেদার পরোয়ানা প্রত্যাহারের আবেদন নাকচ করে ৪ এপ্রিল শুনানির দিন ঠিক করে দেন বিচারক আবু আহমেদ জমাদার।
খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণ নিয়ে তার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি আদালতে যেতে ইচ্ছুক। অতীতেও বলেছি উনি নিরাপত্তাজনিত কারণে আদালতে যেতে পারছেন না। বিগত দিনে যখন আদালতে গিয়েছিলেন পথে তার গাড়িবহরের ওপর আক্রমণ হয়েছিল।
“এই কারণেই খালেদা জিয়া শঙ্কিত, আমরাও আইনজীবী হিসেবে শঙ্কিত যে উনি আদালতে যাওয়ার পথে হামলা হতে পারে। সে কারণে সরকারের দায়িত্ব হবে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া।”
কী ধরনের নিশ্চয়তা চাইছেন জানতে চাইলে খালেদার আইনজীবী বলেন,“উনার জানমালের নিরাপত্তা। সংবিধানে আছে জানমালের নিরাপত্তা দেওয়ার কর্তৃপক্ষ হলো সরকার... সেই ধরনের নিরাপত্তা।”
‘একজন সাবেক প্রধানমন্ত্রী’ হিসাবে আদালতে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা খালেদার পাওয়া উচিৎ, সে ধরনের নিরাপত্তা তাকে দিতে হবে বলেও দাবি করেন তার উপদেষ্টা।
বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে এই দুই মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে খালেদা জিয়া হাই কোর্টেও একটি আবেদন করেছেন, যার শুনানি এপ্রিলেই হওয়ার কথা।
