২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনএফের মেয়র প্রার্থী দুজন করে

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চারজনের নাম ঘোষণা করেছে বিএনএফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 03:18 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

রোববার এক সংবাদ সম্মেলনে দল সমর্থিত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

একটি মেয়র পদে দুজনের নাম ঘোষণার বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “দৈব দুর্বিপাকের কথা তো আগে থেকে বলা যায় না। তাই একজন মূল প্রার্থীর পাশাপাশি আরেকজন করে বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করবেন।”

‘মূল’ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে গেলে ‘বিকল্প প্রার্থী’ দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে জানান আবুল কালাম। কারও মনোনয়নপত্র বাতিল হলে বিকল্প প্রার্থীই মূল প্রার্থী হিসেবে মেয়র হওয়ার লড়াইয়ে থাকবেন।

‘জিয়ার আর্দশ অনুসারী’ বিএনএফ বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে ঢাকার একটি আসনে বিজয়ী হয়। যে আসনে আবুল কালাম আজাদ বিজয়ী হন, সেই আসনে জাতীয় পার্টির এইচ এম এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছিল।

বিএনএফ ঘোষিত ‘মূল’ মেয়র প্রার্থীরা হলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুর রহমান খান নাজিম (বিএনএফ শ্রমিক ফন্টের আহ্বায়ক) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শফিউল্লাহ চৌধুরী (বিএনএফ দপ্তর সম্পাদক)।

‘বিকল্প’ প্রার্থীরা হলেন- উত্তরে এ ওয়াই এম কামরুল ইসলাম (বিএনএফ যুব ফন্টের আহ্বায়ক), দক্ষিণে নাসিরা খাতুন (সাবেক সরকারি কর্মকর্তা)।

রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে চার প্রার্থীকে পাশে রেখে বিএনএফ প্রধান বলেন, “আমাদের দলের মধ্যে কোনো অনৈক্য নেই, হাই কমান্ডের নির্দেশ প্রত্যেকেই মেনে চলবে।”

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে প্রার্থিতার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পর যারা ভোটে অংশ নিতে চাইবেন না, তাদের ৯ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।

অর্থাৎ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনএফের প্রার্থী হচ্ছেন কারা, তা ৯ এপ্রিল নাগাদ স্পষ্ট হওয়া যাবে। ২৮ এপ্রিল হবে দুই সিটি কর্পোরেশনে ভোট।   

আবুল কালাম বলেন, “আমরা নতুন দল। আমাদের শক্তি আরও বাড়ানোর জন্যই এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি।

“আমরা জীবনের ঝুঁকি নিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। একটি আসনে জয়লাভও করেছি। এবারও সিটি নির্বাচনে আমরা সাফল্য দেখানোর আশা রাখি।”

সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক অস্থিরতার নিরসন হবে আশা প্রকাশ করে বিএনপিকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।