মান্না-খোকার মামলা ডিবিতে
মাহমুদুর রহমান মান্না এবং সাদেক হোসেন খোকার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলাটি তদন্ত করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৫ দিন আগে করা বুধবার বিকালে গুলশান থানা থেকে ডিবিতে স্থানান্তর হয় বলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান খোকার টেলিকথোপকথনের ওপর ভিত্তি করে গত ৪ মার্চ এই মামলাটি করে পুলিশ।
মান্নার সঙ্গে খোকার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ গত ২২ ফেব্রুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করলে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
এরপর সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় গত ২৪ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় রিমান্ডে থাকা অবস্থায় রাষ্ট্রদ্রোহ মামলা হয় মান্নার বিরুদ্ধে।
রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখনও সেখানেই রয়েছেন।
ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে ঢাকার সাবেক মেয়র খোকার সঙ্গে আলাপচারিতায় সরকারবিরোধী আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে মান্নাকে কথা বলতে শোনা গেছে।
একই দিন অন্য এক ব্যক্তির সঙ্গেও মান্নার কথোপকথনে চলমান পরিস্থিতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের বিষয়ে তাকে আগ্রহ প্রকাশ করতে শোনা যায় তাকে।
এক সময়ের আওয়ামী লীগ নেতা মান্না বর্তমানে নাগরিক ঐক্য নামে একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে আওয়ামী লীগে চিহ্নিত হওয়ার পর তিনি দলে অপাঙক্তেয় হয়ে পড়েন।
ছাত্রজীবনে বামপন্থি সংগঠনে যুক্ত মান্না ডাকসুতে দুই বার ভিপি নির্বাচিত হন। চাকসুতেও জিএস ছিলেন তিনি।
বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে বিদেশে অবস্থানরত খোকা সেখানে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। আট মাস ধরে নিউ ইয়র্কে থাকা খোকা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলে প্রবাসী বিএনপি নেতারা জানিয়েছেন।
