সালাহ উদ্দিন কোথায়, জানাতে হবে খালেদাকে: হাসিনা
বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অন্তর্ধানে তার দলেরই হাত রয়েছে বলে ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির এই নেতার সন্ধান পুলিশ করছে জানিয়ে তিনি আরও বলেন, খুঁজে পেলেই তাকে গ্রেপ্তার করা হবে।
সালাহ উদ্দিন অন্তর্ধান নিয়ে আলোচনার মধ্যে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, “সে (সালাহ উদ্দিন) কোথায়, তার জবাব খালেদা জিয়াকেই দিতে হবে। সে তো ডিপ আন্ডারগ্রাউন্ডে। ডিপ আন্ডারগ্রাউন্ডে থেকে একটা করে স্টেইটমেন্ট দেন।
“পুলিশও তো তাকে খুঁজছি, পেলেই গ্রেপ্তার করা হবে।”
অজ্ঞাত স্থানে থেকে হরতালের কর্মসূচি দিয়ে বিবৃতি পাঠিয়ে আসা সালাহ উদ্দিনকে গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে তার পরিবার ও বিএনপির অভিযোগ।
পেশাজীবী সমন্বয় পরিষদের সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্টত সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের অভিযোগ নাকচ করলেন।
শেখ হাসিনা বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তিনি যেদিন খালেদা জিয়ার কার্যালয়ে গিয়েছিলেন, সেদিনও সালাহ উদ্দিন ওই কার্যালয়ে ছিলেন।
গত ২৪ জানুয়ারি কোকোর মৃত্যুর পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। তবে তার দেখা পাননি। ওই কার্যালয়ে ৩ জানুয়ারি থেকে এখনও অবস্থান করছেন খালেদা।
“আমি যেদিন গেলাম; সেদিনও জানি, সালাহ উদ্দিন সেখানে,” জানিয়ে সম্প্রতি ওই কার্যালয় থেকে আবর্জনা পরিষ্কারের বিষয়টির দিকে ইঙ্গিত করে হাসিনা বলেন, “ওই ময়লার সাথে আবার বের করে দিলেন কি না? এর জবাব খালেদা জিয়াকেই দিতে হবে।”
খালেদা জিয়ার কার্যালয়ে অবস্থানের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর গত জানুয়ারির শেষ দিন থেকে গোপন স্থানে থাকা সালাহ উদ্দিনের নামেই হরতালের বিবৃতি আসছিল।
সালাহ উদ্দিনের অন্তর্ধাণের পর শনিবার হরতালের বিবৃতিটি এসেছে বিএনপির আরেক যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে। তিনিও অজ্ঞাত স্থানে রয়েছেন।
সালাহ উদ্দিনের বিষয়ে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, তারা এই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেননি।
সালাহউদ্দিন আহমেদ
“উনি কোথায় ছিলেন, আমরা জানি না। আমরা তাকে খুঁজতেছিলাম। সে কয়েকটা মামলার আসামি। সিরিয়াসলি খুঁজতেছিলাম। পুলিশ তাকে গ্রেপ্তার করে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে নাই।”
“কোথাও তাকে পাইনি। যে বাড়ির কথা বলে, সেটা উনার নিজের বাড়িও না। আত্মীয়ের বাড়িও না। ”
সালাহ উদ্দিনের স্ত্রী যে অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ মহাপরিদর্শক জানান।
একই বিষয়ে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, “উনি (সালাহ উদ্দিন) অজ্ঞাতে চলে যাবেন, আর বলবেন সরকার গুম করেছে। আমিও তো কোথাও পালিয়ে গিয়ে আত্মীয়-স্বজনকে বলতে পারি, তোমরা বলবে, সাদা পোশাক পরে ডিবির লোক এসেছিল, নিয়ে গেছে।
“ইলিয়াস আলীর ব্যাপারে তারা তাই করেছে। ইলিয়াস আলীর ঘটনার পেছনে তাকান, তাহলে দেখবেন, তার দুই দিন আগে ইলিয়াস আলীর লোকেরা সিলেটে তার বিপক্ষ দলের দুজনকে হত্যা করেছিল। হত্যার পর হয়ত মনে করেছে, তারা আক্রমণ করবে। তখন চলে গেছে।”
“আর আমরা তো জানি, সীমান্তের ওপারে তামাবিলের ওপারে হারিছ চৌধুরী থাকে। এটা প্রকাশ্যেই বলে ফেললাম, আপনারা নিজেরা জানেন নিশ্চয়ই।”
সালাহ উদ্দিনকে সরকারই তুলে নিয়েছে দাবি করে খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন, “সালাহ উদ্দিন আহমেদের গ্রেপ্তারের ঘটনার দায় ক্ষমতাসীনরা এড়াতে পারে না। তাদের কোনো কৈফিয়ত কারও কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে না।”
সালাহ উদ্দিনের সন্ধানে তার স্ত্রী হাসিনা আহমেদ হাই কোর্টে রিট আবেদন করেছেন, তাতে তাকে খুঁজে বের করতে সরকারের প্রতি রুল দিয়েছে আদালত।
