২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ উদ্দিনকে ‘ডিবিই’ নিয়ে গেছে, দাবি স্ত্রীর

গোয়েন্দা পুলিশই বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে দাবি করে তাকে অক্ষত অবস্থায় ফেরত চেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 08:39 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

স্বামীর খোঁজ চেয়ে একটি রিট আবেদন নিয়ে হাসিনা বৃহস্পতিবার হাই কোর্টে গেলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রুল জারি করে।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তা রোববারের মধ্যে জানাতে বলেছে আদালত।

এদিকে সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়টি আইন-শৃংখলা বাহিনী নিশ্চিত নয় জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার মিরপুর পুলিশ স্টাফ কলেজের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “সালাউদ্দিনের বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়।

“আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী জানে, কাউকে ধরলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়্। তার বিষয়টি স্পষ্ট নয় আমাদের কাছে। তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।”

হাই কোর্টের আদেশের পর ল’ রিপোর্টার্স ফোরামে ব্রিফিংয়ে হাসিনা আহমেদ বলেন, দুদিন ধরে তার স্বামীর কোনো হদিস নেই। তিনি থানায় জিডি করতে গেলেও পুলিশ তা নেয়নি।

“জাতির কাছে আমার এতটুকুই চাওয়া, আমার স্বামীকে আমার কাছে ফেরত দেওয়া হোক।... একটি মানুষকে তুলে নিয়ে যাবে, আর তার কোনো হদিস থাকবে না, সকল আইন-শৃঙ্খলা বাহিনী অস্বীকার করবে যে, তাকে নিয়ে যাওয়া হয় নাই!”

বিএনপি জোটের আন্দোলনে রাজনৈতিক উত্তাপের মধ্যে সালাহ উদ্দিনের নামে হরতালসহ নানা কর্মসূচির বিবৃতি গণমাধ্যমে আসছিল। তবে তিনি প্রকাশ্যে আসছিলেন না।

এরইমধ্যে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযাগ করা হয়, যদিও আইনশৃঙ্খলা বাহিনী তা স্বীকার করেনি।

হাসিনা বলেন, “তারা না নিয়ে গেলে কে নিয়ে গেল? দেশে থেকে মানুষকে এভাবে তুলে তুলে নিয়ে যাবে, আর কেউ কিছু বলবে না, আর আমরা থানায় থানায় ঘুরব, কোনো প্রতিকার পাব না... আমরা কোন দেশে বসবাস করছি?

গত শনিবার রাত পৌনে ৩টা থেকে ৪টার মধ্যে সালাহ উদ্দিনের দুই ড্রাইভার এবং তার ব্যক্তিগত সহকারীকে যার যার বাসা থেকে ‘তুলে নিয়ে’ পরে গ্রেপ্তার দেখানো হয় বলেও হাসিনা উল্লেখ করেন।  

“দুই দিন তাদের পরিবার কোনো খোঁজ জানতে পারেনি। তাদের অমানসিক অত্যাচার করা হয়েছে। তিন দিন পর তাদের গুলশান থানায় দিয়ে আসে। তাদেরকে বোমা বিস্ফোরণের মামলায় দিয়েছে। এখন তারা তিন দিনের রিমান্ডে আছে।”

“পেটের দায়ে চাকরি করতে আসা এই গরীব মানুষদের কী দোষ”- প্রশ্ন করেন সাবেক সাংসদ হাসিনা। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা শিওর, বাসার দারোয়ানকে উনারা ডিবির কার্ড দেখিয়ে বলেছে আমরা ডিবির লোক। ছয় গাড়ি লোক গিয়ে চোখ বেঁধে হাত বেঁধে তুলে তাকে (সালাহ উদ্দিন) নিয়ে যায়।”

স্বামীর সঙ্গে সর্বশেষ কখন যোগাযোগ হয়েছে জানতে চাইলে হাসিনা বলেন, উত্তরার যে বাসায় তার স্বামী ছিলেন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পরিচয় দিয়ে দরজা ভেঙে সেই বাসায় ঢোকার চেষ্টার সময়ই ফোন করে সালাহ উদ্দিন তাকে জানানোর চেষ্টা করেন।

“সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমি তখন বুঝতে পারিনি। আমরা আবার চেষ্টা করতে থাকি। না পেরে সকাল  পর্যন্ত অপেক্ষা করি। তারপরও না পেয়ে আমি বাড়ির মালিককে খোঁজার চেষ্টা করি।

কিন্তু বাড়ির মালিক ‘গ্রেপ্তারের ভয়ে’ ওইদিনই দুবাই চলে যান জানিয়ে হাসিনা বলেন, “দুবাই পৌঁছানোর পর দুপুরে উনার সঙ্গে যোগাযোগ করে ঘটনা জানতে পারি।”

‘গ্রেপ্তার’ হওয়ার আগে ওইদিনই রাত সাড়ে ৯টার দিকে স্বামীর সঙ্গে কথা হয়েছিল বলে হাসিনা আহমেদ জানান।