কোনো কৈফিয়ত বিশ্বাসযোগ্য হবে না: খালেদা
সালাহ উদ্দিন আহমেদকে ‘গ্রেপ্তারের পরও’ আদালতে হাজির না করায় এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি ‘অস্বীকার করায়’ উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেছেন, “আমরা বলে দিতে চাই, এ পরিস্থিতিতে সালাহ উদ্দিন আহমেদের গ্রেপ্তারের ঘটনার দায় ক্ষমতাসীনরা এড়াতে পারে না। তাদের কোনো কৈফিয়ত কারো কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে না।’’
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন খালেদা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত ওই বিবৃতি সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়, “আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত মঙ্গলবার রাতের আঁধারে দরজা ভেঙে সালাহ উদ্দিন আহমেদকে চোখ বেধে ও হাতকড়া পরিয়ে তুলে নেয়ার ঘটনায় ক্ষমতাসীনদের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। এভাবে তুলে নেওয়ার ঘটনার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগ গ্রহণে পুলিশের অস্বীকৃতি জানানোর ঘটনার আমি নিন্দা জানাচ্ছি।’’
“একইসঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। পাশপাশি সালাহ উদ্দিন আহমেদের যাতে কোনো ক্ষতি না হয়, আল্লাহ দরবারে মুনাজাত করছি।’’
গত মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘তুলে নিয়ে যায়’ বলে তার স্ত্রী হাসিনা আহমেদের অভিযোগ।
দলের ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন।
সালাহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)
হাসিনা আহমেদ স্বামীর খোঁজ চেয়ে একটি রিট আবেদন করায় হাই কোর্ট বৃহস্পতিবার একটি রুল জারি করে। সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তা রোববারের মধ্যে জানাতে বলা হয়েছে ওই রুলে।
গোয়েন্দা পুলিশই সালাহ উদ্দিন আহমেদকে ‘তুলে নিয়ে গেছে’ দাবি করে তাকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী।
খালেদা জিয়া বিবৃতিতে বলেন, “এখন যে আইন স্বাভাবিক গতিতে চলছে না, এটা তার জ্বলন্ত প্রমাণ। জাতীয় পর্যায়ের একজন রাজনীতিকের ক্ষেত্রে যেখানে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তা যে কতখানি অনিশ্চিত তা আর বলার অপেক্ষা রাখে না।”
এর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমসহ “অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করেছে” বলেও খালেদা বিবৃতিতে অভিযোগ করেন।
