২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ‘বেশি’ কাজ করতে মেয়র হতে চান ছালাম

ছয় বছর ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর এখন মেয়র হওয়ার লড়াইয়ে নামতে চান আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম।

মিন্টু চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 04:46 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

পুরনো খবর:

চট্টগ্রামের উন্নয়নের ‘স্বার্থে’ ফের মেয়র হতে চান মহিউদ্দিন
তারুণ্যে ভর করে মেয়র হতে চান নাছির
ছালামকে নোটিস চট্টগ্রাম আওয়ামী লীগের
‘একদিকে চট্টগ্রামবাসী-অন্যদিকে প্রধানমন্ত্রী, মাঝে আমি’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে থেকেও দলীয় কর্মসূচিতে সক্রিয় না থাকায় অভিযোগের মুখে থাকা ছালামের দাবি, তার মাধ্যমেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শীর্ষ পদটি ফিরে পেতে পারে তার দল।

বছর খানেক ধরেই মেয়র নির্বাচনে নিজের প্রার্থিতার কথা প্রচার করে আসছেন তিনি। তা নিয়ে দলের মধ্যে সমালোচনাও রয়েছে। আগামী জুন মাসের মধ্যে এই নির্বাচন করতে ইসির ঘোষণার পর তিনি এখন আরও সক্রিয়। 

কেন মেয়র প্রার্থী হতে চান- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রশ্নে ছালাম বলেন, “সিডিএ চেয়ারম্যান হিসেবে যতটুকু কাজ করেছি, তার চেয়ে আরও বড় পরিসরে জনগণের সেবা করার সুযোগ সিটি কর্পোরেশন।

“সিডিএ থেকে সিটি কর্পোরেশনে কাজের সুযোগ বেশি, পরিধি বড়। এতে নির্বাচিত হয়ে যেতে হবে। কাজপাগল মানুষ হিসেবে চসিকে যেতে পারলে অনেক বেশি কাজ করা যাবে।”

মেয়র পদে ছালামের দলের আরও দুজন প্রার্থী হতে ইতোমধ্যে আগ্রহ জানিয়েছেন। তারা হলেন নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির।

দল এখনও কোনো সিদ্ধান্ত না নিলেও ক্ষমতাসীনদের জোট ১৪ দলের চট্টগ্রাম শাখা সাবেক মেয়র মহিউদ্দিনের নাম প্রস্তাব করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

১৯৯৪ সাল থেকে তিনবার মেয়র নির্বাচিত হওয়া মহিউদ্দিন গত নির্বাচনে বিপুল ভোটে হেরেছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমের কাছে। সরকাবিরোধী আন্দোলনে থাকা বিএনপির এই নির্বাচনে অংশ নেওয়া এখনও অনিশ্চিত।  

নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে ছালাম বলেন, “প্রার্থিতা সম্পূর্ণ নির্ভর করবে নেত্রীর (শেখ হাসিনা) ওপর। আর তিনি ভালো করেই জানেন, কাকে দিলে নির্বাচনে জিতে আসা যাবে।

“তিনি (শেখ হাসিনা) অত্যন্ত বিচক্ষণ। তিনি জানেন, কে চট্টগ্রামের সঠিক উন্নয়ন করতে পারবেন। চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীরাও সিদ্ধান্তের ভার দিয়েছেন দলীয় সভানেত্রীর ওপরই। চট্টগ্রামের বিষয়ে তিনি সঠিক সিদ্ধান্তই নেবেন।”

শেখ হাসিনা ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিলেও চট্টগ্রামের বিষয়ে এখনও কিছু বলেননি। গত বছর চট্টগ্রাম সফরের সময় তিনি স্থানীয় নেতাদেরই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিলেন।

দলীয় সিদ্ধান্ত পক্ষে না এলে প্রার্থী হবেন কি না- জানতে চাইলে ছালাম সরাসরি উত্তর না দিয়ে বলেন, “আমি প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। নেত্রীর আদেশ মানতে হবে এবং ২০১০ সালে চসিক নির্বাচনের মতো ফলাফল আমরা তাকে আবার উপহার দিতে চাই না।”

তবে আওয়ামী লীগের এই নেতা বলেন, “দলের বিন্দু পরিমাণ ক্ষতি কারও কাম্য নয়। আমার পক্ষেও তা সম্ভব নয়। দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দিবেন কেউ আর ঘরে বসে থাকতে পারবেন না, সবাই দলের প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়বেন।”

সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত দেখা যায় না ছালামকে। সিদ্ধান্ত না হওয়ার আগে প্রচার চালানোয় তাকে সতর্কও করা হয়েছে দল থেকে।

কর্মসূচির বিষয়ে ছালাম সিডিএ চেয়ারম্যান হিসেবে নিজের ব্যস্ততার কথা তুলে ধরার পাশাপাশি বলেন, এই সময়ে সাধারণ মানুষের কাছাকাছি থাকতে নিয়মিত কাজ করে গেছেন তিনি।

তার যে সব পদক্ষেপ নির্বাচনী প্রচার হিসেবে দেখে সমালোচনা উঠেছে, তাও রাজনৈতিক কারণে নয় বলে দাবি করেন ছালাম।

গত আট মাস ধরে নগরীর প্রতিটি ওয়ার্ডে সিডিএ গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে ‘উঠোন বৈঠক’ এর বিষয়ে তিনি বলেন, বৈঠকগুলোতে বন্দর নগরীর জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মসূচি জানিয়েছি।

‘উন্নয়ন সম্ভাবনা, সমস্যা সমাধান’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে ছালাম বলেছেন, গত ছয় বছরে সিডিএ ৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প শেষ হয়েছে। আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান।

নগরীর মোহরা এলাকার বাসিন্দা ছালাম এখনও থাকেন যৌথপরিবারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পুরোদস্তুর ব্যবসায়ী বনে যান তিনি।

৬৩ বছর বয়সী ছালাম ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা। এই ব্যবসায়িক গ্রুপটির অধীনে পরিচালিত ১৮টি প্রতিষ্ঠানে ১৮ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।

মেয়র যদি হন, তবে কী করবেন-জানতে চাইলে ছালাম বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন-সুন্দর এবং জলাবদ্ধতামুক্ত নগরী হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।

সরাসরি কারও দিকে ইঙ্গিত না করে তিনি বলেন, “অতীতে যারা মেয়র ছিলেন, তারা চট্টগ্রামের উন্নয়নের জন্য যথাযথ বরাদ্দ আনতে পারেননি। ঠিকভাবে প্রকল্প জমা দিয়ে চাইতে পারলেই বরাদ্দ পাওয়া যায়।”

সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করে যেতে পারলে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব বলে মনে করেন এই মেয়র পদপ্রত্যাশী।