ছালামকে নোটিস চট্টগ্রাম আওয়ামী লীগের
সিদ্ধান্তের আগে প্রার্থী হিসেবে প্রচার চালানোর ব্যাখ্যা চেয়ে কোষাধ্যক্ষ আবদুচ ছালামকে নোটিস দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
আগামী বছর অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী দল থেকে ঠিক না হওয়ার আগে কেউ প্রচার চালাতে পারবেন না বলে সিদ্ধান্ত গ্রহণের এক সপ্তাহের মধ্যে এই নোটিস পাঠানো হল।
নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছালাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান। তিনি আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী।
মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী ক্ষমতাসীন দলটির চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক আ জ ম নাছিরও। এছাড়া সাবেক মেয়র ও নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীরও ইচ্ছা রয়েছে বলে তার সমর্থকরা জানিয়েছেন।
অভ্যন্তরীণ বিভেদের মধ্যে ২০১০ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমের কাছে এক লাখ ভোটের ব্যবধানে হারেন তিন বারের মেয়র মহিউদ্দিন।
আবার নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্ব ধীরে ধীরে আবার প্রকাশ্য রূপ নিতে শুরু করছে বলে তৃণমূল নেতারা মনে করছেন।
রোববার নগর কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাধারণ সম্পাদক নাছির স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিস ডাকযোগে আবদুচ ছালামকে পাঠানো হয়েছে।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে এই কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।”
ওই সভায় কোষাধ্যক্ষ ছালাম ছিলেন না। সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক নাছির দুজনই ছিলেন ওই সভায়।
চিঠির বিষয়ে জানতে চাইলে আবদুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠি দিয়েছে মনে হয়। তবে দল থেকে কেউ কিছু বলেনি।”
এক সভায় আবদুচ ছালাম (ফাইল ছবি)
এই নোটিসের বিষয়ে এখনই কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি তিনি। “দেখতে হবে, চিঠি পড়লেই বুঝতে পারব কী লেখা আছে।”
পাঠানো ওই চিঠির অনুলিপিতে দেখা যায়, ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিরোধী দলের সহিংসতা মোকাবেলায় অন্য সবার সঙ্গে ছালামকে রাজপথে না পাওয়াকে ‘দুর্ভাগ্য ও আশ্চর্য রহস্য’ বলে উল্লেখ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রতিরোধে দলীয় কর্মসূচিতেও ছালামের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এখন তিনি নগরীর বিভিন্ন স্থানে মতবিনিময়ের নামে আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের বিভিন্ন ‘ভিত্তিহীন তথ্য’ দিয়ে বিভ্রান্ত করার মাধ্যমে দলের স্বার্থ ও শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছেন বলে চিঠিতে বলা হয়।
ছালাম সিটি মেয়র নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ড ও পাড়ায় উন্নয়নমূলক বৈঠকের নামে জনসংযোগ করছেন বলে তার সমালোচক আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।
