ঘোষণার আগে প্রচার নয়: সিদ্ধান্ত চট্টগ্রাম আ. লীগের
দলীয় সিদ্ধান্তের আগে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের মেয়র পদে দলের কারও কোনো প্রচার চলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে নেতারা জানিয়েছেন।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তিনজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন নগর সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।
তিন বার মেয়রের দায়িত্ব পালনের পর গতবার হেরে যাওয়া মহিউদ্দিন নিজে প্রার্থী হবেন না বললেও তার সমর্থকরা বলছেন ভিন্ন কথা। নাছির বলছেন, দলের সমর্থন পেলে প্রার্থী হতে তার আপত্তি নেই।
তবে এ দুজনের কোনো প্রচার দেখা না গেলেও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামকে বিভিন্ন স্থানে উন্নয়নমূলক সভা করতে দেখা যাচ্ছে, যাকে নির্বাচনী প্রচার হিসেবেই দেখছেন কর্মীরা।
গত ১২ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন ছালাম।
ওই অনুষ্ঠানে শেখ হাসিনাকে মেয়র প্রার্থী ঠিক করে দিতে অনুরোধ করেছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ রশিদ। তখন শেখ হাসিনা বলেন, “আপনারা ঠিক করে নেন। আপনারা যার কথা বলবেন আমি তার পক্ষে থাকব।”
এরপর ছালামের ‘প্রচারের’ মধ্যেই নগর কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হল। সেই সঙ্গে ছালামকে সতর্ক করে চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছেন নাছির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিডিএ চেয়ারম্যান দলের পদে থাকলেও তিনি সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন না, রাজপথের কর্মসূচিতে অংশ নেন না।
“তিনি তার সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় বৈঠক করছেন, যা দলের ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তাকে (ছালাম) চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন করা সকলেরই অধিকার। কিন্তু সিদ্ধান্ত হওয়ার আগেই দলের ভাবমূর্তি নষ্ট করতে কেউ কেউ প্রচার চালাচ্ছে।
“দলের স্বার্থের পরিপন্থি কাজ কেউ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
নাছির বলেন, “নির্বাচনে আমাদের সভাপতি মহিউদ্দিন চৌধুরীও প্রার্থী হতে পারেন, আমিও হতে পারি। দলের যে কেউ প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করতে পারেন। তবে নেত্রী যাকেই প্রার্থী হিসেবে ঠিক করবেন, তার পক্ষেই একসঙ্গে কাজ করতে হবে সবাইকে।”
২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন তারই রাজনৈতিক ‘শিষ্য’ বিএনপি সমর্থিত এম মনজুর আলম।
আগামী বছরের জুনের মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে।
