২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একদিকে চট্টগ্রামবাসী-অন্যদিকে প্রধানমন্ত্রী, মাঝে আমি’

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের আগের দিন গত তিন বছরের উন্নয়ন কাজের ফিরিস্তি দিয়ে তাতে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব দাবি করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 10:43 AM

Updated : 25 Apr 2022, 09:10 PM

মঙ্গলবার সকালে সিডিএ ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়সভায় সভায় ‘সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের নেতৃত্বে চট্টগ্রামে উন্নয়নের উৎসব’ নামের একটি প্রকাশনাও বিতরণ করা হয়।

সভায় সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, “দায়িত্ব নেয়ার পর থেকেই চট্টগ্রামের উন্নয়নে কাজ করে চলেছি। চট্টগ্রামের ৪০ লাখ মানুষ একদিকে, প্রধানমন্ত্রী আরেক দিকে, মাঝখানে আমি।”

চট্টগ্রাম শহরে পাঁচটি ফ্লাইওভার নির্মাণের অনুমোদন পাওয়াটাকেও সাফল্য হিসেবে দাবি করেন তিনি।

২০১০ সালের ২৮ এপ্রিল সিডিএ চেয়ারম্যানের দয়িত্ব নেন আবদুচ ছালাম।

মতবিনিময় সভায় তিনি গত তিন বছরে সিডিএ পরিচালিত চলমান প্রকল্প, সমাপ্ত প্রকল্প, প্রক্রিয়াধীন প্রকল্প ও ভবিষ্যৎ প্রকল্পের চিত্র তুলে ধরেন।

মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান ইতোমধ্যে শেষ হওয়া পাঁচটি প্রকল্পকে তার মেয়াদের সাফল্য বলে দাবি করেন। তবে সভায় বিতরণ করা প্রকাশনা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এসব প্রকল্পের মধ্যে বেশিরভাগের কাজ শুরু হয় গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।

এর মধ্যে বায়েজীদ বোস্তামী সড়ক স¤প্রসারণ প্রকল্প এবং সদরঘাট ও ফিরিঙ্গিবাজার সড়ক স¤প্রসারণ ও উন্নয়নের কাজ শুরু হয় ২০০৮-০৯ অর্থবছরে। সিরাজদ্দৌল্লা সড়ক স¤প্রসারণ ও উন্নয়নের কাজ শুরু হয় ২০০৭-০৮ অর্থ বছরে। ২০১০ সালে শুরু হয়ে গত বছর শেষ হওয়া সাগরিকা সড়ক সম্প্রসারণের কাজ করা হয় বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে।

২০১১ সালে শুরু হয় আন্দরকিল্লা জংশন থেকে লালদিঘী জংশন সড়ক স¤প্রসারণের কাজ।

সভায় চট্টগ্রাম মহানগরীতে সিডিএ -এর আওতায় চলমান ১৯টি প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সিডিএ চেয়ারম্যান।

এর মধ্যে উল্লেখযোগ্য হল, সল্টগোলা ক্রসিংয়ে চার হাজার নারী শ্রমিকের জন্য জন্য ডরমিটরি নির্মাণ, কাপাসগোলা সড়কের স¤প্রসারণ, বিভিন্ন জংশনে দুটি ফ্লাইওভার নির্মাণ ও বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার উন্নয়ন।

প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই এসব কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চট্টগ্রাম সফরে এসে বিদ্যুৎকেন্দ্র ও কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দলীয় মহাসমাবেশেও বক্তব্য দেবেন।