২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ চাইলে সহিংসতা ছাড়তে হবে: কাদের

সাধারণ জনগণকে পেট্রোল বোমায় পুড়িয়ে সরকারকে সংলাপে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 08:04 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত একুশের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “শেখ হাসিনার সরকার সহিংসতার কাছে, পেট্রোল বোমার কাছে নতিস্বীকার করবে না। সহিংসতা চালিয়ে আর সাধারণ জনগণের উপর প্রেট্টল বোমা মেরে সরকারকে সংলাপে বাধ্য করা যাবে না।”

বিএনজি-জামায়াত জোট জনগণকে তাদের আন্দোলনের সম্পৃক্ত করতে না পেরে চোরগোপ্তা বোমা হামলার আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “সিরিয়া, ইরাক, আবগানিস্তানে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। সেখানে জঙ্গি সন্ত্রাসীদের সাথে কোন সংলাপ হয়নি। বাংলাদেশেও জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে কোন সংলাপ হবে না।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুনানাহার শিউলী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হান।

এর আগে ফেনীর দাগনভূঞার সালাম নগরে ভাষা শহীদ আবদুর সালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, “দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির উপর পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করা হচ্ছে। এতে দেশের ভাবমূর্তিকে বিদেশিদের কাছে বিনষ্ট করা হচ্ছে। আজকে অনেকেই সংলাপের কথা বলছে, বিদেশিরাও বলছে, জাতীয়ভাবেও সংলাপের দাবি করছেন।

“আমি একটা বিষয় বলতে চাই, যদি আপনারা সংলাপ চান, তাহলে সহিংসতা ছাড়তে হবে।”

মন্ত্রী বলেন, “দেশের জনগণকে সহিংসতার কাছে জিম্মি করে সংলাপে বসার প্রশ্নই আসে না। জনগণকে সহিংসতার আতঙ্কের মধ্যে রেখে আপনি সংলাপ করবেন কোন পরিবেশে?”