২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌমন্ত্রীর মিছিলে ফের বোমা

গুলশানে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের মিছিলে হাতবোমা হামলার তিন দিনের মাথায় আবারো নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিলে একই কায়দায় হামলা হয়েছে পুরানা পল্টনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 02:13 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

পুরনো খবর:

গুলশানে নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা, আহত ১১

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বাংলাদেশ সংবাদ সংস্থার কার্যালয়ের সামনের রাস্তায় হাতবোমা বিস্ফোরণে কেউ আহত হননি বলে পল্টন থানার ওসি মোরশেদ আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রীর নেতৃত্বে হরতাল-অবরোধের বিরুদ্ধে ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’র মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে জাতীয় প্রেসক্লাবের দিকে যাচ্ছিল।

“পল্টন মোড় অতিক্রম করার সময় ৫৯ নম্বর ভবনের সামনে মিছিলের পেছন দিকে একটি হাতবোমা ফাটানো হলে ছোটাছুটি শুরু হয়।

“ওই ভবন থেকে বোমা মারা হয়েছে সন্দেহে মিছিলকারীরা ভবনটি লক্ষ্য করে ঢিল ছোড়ে।”

পরে ওই ভবনে পুলিশ তল্লাশি চালায়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

গত সোমবার খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে যাওয়ার পথে গুলশান ২ নম্বর মোড়ে শাজাহান খানের নেতৃত্বে সমন্বয় পরিষদের মিছিলের মাঝামাঝি একটি ভবন থেকে ছয় থেকে সাতটি হাতবোমা ফেলা হলে বিস্ফোরণে আহত হন ১১ জন।

বোমাবাজ সন্দেহে পিটুনি

এদিকে বেলা সোয়া ১টার দিকে মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি হাতবোমা বিস্ফোরণের পর এক যুবককে ধরে পিটুনি দিয়েছে জনতা।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে  মতিঝিল থানার পরিদর্শক মো. সালাউদ্দিন জানান।

ওই যুবক বোমা ফাটিয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।