২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা গান্ধীবাদী আন্দোলনে: খোকন

খালেদা জিয়ার ডাকা চলমান আন্দোলনকে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সঙ্গে তুলনা করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 08:45 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

খালেদা জিয়ার বাসায় খাবার সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডাকা প্রতীকী অনশনে সমিতির সম্পাদক হিসাবে বক্তব্যে এই তুলনা করেন তিনি।

খালেদা জিয়ার ডাকা অবরোধে নাশকতায় প্রায় একশ মানুষের প্রাণহানিতে তাকে দায়ী করে ক্ষমতাসীন দলের নেতাদের কঠোর সমালোচনার মধ্যে বিএনপি নেতার এই বক্তব্য এল।

সকাল ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত সমিতির সভাপতির কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। তিনি সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে পানি খাইয়ে অনশন ভাঙান।

মাহবুবউদ্দিন খোকন বলেন, “বেগম জিয়ার এখনকার আন্দোলন সম্পূর্ণ ভিন্নধর্মী। এটাকে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সঙ্গে তুলনা করা চলে। আজকে খালেদা জিয়া কেবল ঘোষণা দিয়ে তার অফিস বসে আছেন। অহিংস আন্দোলনে সরকার কষ্টে আছে। কারণ তারা অবৈধ।”

তিনি বলেন, “সরকার খালেদা জিয়ার বাসার খাবার দিতে বাধা দিচ্ছে। খালেদা জিয়াকে খাবার দিতে গেলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে। শিল্পী বেবী নাজনীনকেও রেহাই দেওয়া হয় নাই। এটা কি গণতন্ত্র? এটা গণতন্ত্র হলে আমরা এই গণতন্ত্র চাই না।”

ব্যারিস্টার রফিক উল হক বক্তব্যে ১৯৪৮ সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ২৫ ধারা উদ্ধৃত করেন।

এই ধারায় বলা হয়েছে, নিজের ও নিজ পরিবারের স্বাস্থ্য, ও কল্যাণের নিমিত্তে পর্যাপ্ত জীবন মানের অধিকার প্রত্যেকেরই রয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও প্রয়োজনীয় সামাজিক সেবামূলক কার্যাদির সুযোগ থাকবে।

রফিক উল হক বলেন, “এটা ১৯৪৮ সালের ঘোষণা, আর এখন ২০১৫ সালে এসে একজন লোকের খাওযা বন্ধ করছি। তার সুবিধা-অসুবিধা বন্ধ করছি।

“আমরা গণতন্ত্র গণতন্ত্র করি, যদি সত্যিই আমরা গণতন্ত্র বুঝিয়ে থাকি, আমরা জাতিসংঘের সদস্য, সে হিসাবেও এটা মানা আমাদের অবলিগেশন। আমাদের উচিত, সরকারের উচিত, বাধা না দেয়। সরকার যেটা করছে, সেটা উচিত না, অবৈধ।”

এতে সরকারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও মনে করেন তিনি।