মানুষ মেরে ক্ষমতায় যেতে পারবেন না: বাদশা
নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না বলে বিএনপি জোটকে বললেন ক্ষমতাসীন জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
শুক্রবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্রমৈত্রীর অষ্টম জেলা সম্মেলনে তিনি ২০ দলীয় জোটের উদ্দেশে বলেন, “এখন তারা মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়। তারা শুধু নিজেরা ক্ষমতালাভকে গণতন্ত্র মনে করে। বেগম খালেদা জিয়াকে বলতে চাই, মানুষকে হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।”
৫ জানুয়ারির নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে রাজনৈতিক তাৎপূর্যপূর্ণ’ বলেও মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা।
তিনি বলেন, “বিএনপি- জামায়াত জোটকে বারবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলা হলেও তারা নির্বাচনে অংশ নেয়নি। এমনকি তখন তাদের সংলাপের বসার আহবান করা হলেও তারা সে আহ্বানে সাড়া দেয়নি।”
সম্মেলনের উদ্বোধন করে ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই অপশক্তিই আজকে সাধারণ মানুষদের পেট্রোল বোমা মেরে ক্ষমতায় বসতে চায়।”
চট্টগ্রাম জেলা ছাত্রমৈত্রী সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আইনজীবী আবু হানিফ, জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, যুবমৈত্রীর জেলা সাধারণ সম্পাদক কায়সার আলম, ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সৈয়দ শিবলি সাদিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অর্ণব দেব নাথ, অর্থ সম্পাদক মুনতাহা বিনতে নূর।
