২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধার মুখে এখন রান্না চলছে খালেদার কার্যালয়ে

পুলিশের বাধার মুখে খাবার নিতে না পেরে এখন রান্না করে খাচ্ছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 08:03 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

খাবার সঙ্কটে খালেদার কার্যালয়
খালেদার কার্যালয়ে ঢোকায় কড়াকড়ি পুলিশের

খালেদা জিয়ার সঙ্গে ওই কার্যালয়ে অবস্থানকারীদের খাবার গত দুই দিনের মতো শুক্রবারও পুলিশ আটকে দেয়। এরপর সেখানে থাকা কর্মীরা রান্নার উদ্যোগ নেন।

কর্মীদের খাবারের গাড়ি আটকে দিলেও খালেদার জন্য তার স্বজনদের আনা খাবার আটকাচ্ছে না পুলিশ। তার সঙ্গে ওই কার্যালয়ে থাকা সেলিম রহমানের বাসা থেকে শুক্রবার খাবার এলে তাও আটকানো হয়নি।

লাগাতার অবরোধ ডেকে গত ৩৭ দিন ধরে গুলশান ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের ওই বাড়িতে বুধবার রাত থেকে খাবারের গাড়ি ঢোকা বন্ধ করে দেয় কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঠেলা গাড়িতে করে ১২০ প্যাকেট খাবার ও বোতলভর্তি পানি কার্যালয়ের সামনে এলে পুলিশ তা ফিরিয়ে দেয়।

সেখানে কর্তব্যরত পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ওপরের নির্দেশ আছে, খাবার ঢুকতে পারবে না। আমরা ওই নির্দেশ পালন করছি। এর বেশি কিছু বলতে পারব না।”

তার ঘণ্টাখানেক আগে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসা থেকে খাবার নিয়ে আসেন তার গৃহকর্মী জহিরুল ইসলাম। খাতায় নাম-পরিচয় লিখে তাকে ঢুকতে দেয় পুলিশ।

খালেদা জিয়ার জন্য ছেলের শাশুড়ির বাসা, বোন সেলিনা ইসলাম ও দুই ভাইয়ের বাসা থেকে পর্যায়ক্রমে খাবার আসছে। তাতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

খালেদার সঙ্গে ওই কার্যালয়ে সেলিমা রহমানসহ ৩০/৩৫ জন নেতা-কর্মী এবং কার্যালয়ের কর্মচারী ও নিরাপত্তাকর্মী মিলিয়ে অর্ধ শতাধিক জন রয়েছেন। পুলিশের বাধার কারণে খাবার নিয়ে সঙ্কটে পড়েছেন তারা।

নেতা-কর্মীরা জানান, বৃহস্পতিবার শুকনো খাবার ও ফলমূল খেয়ে রাত যাপন করলেও পরিস্থিতি দেখে এখন কার্যালয়ের ভেতরে রান্না শুরু করেছেন তারা।

তবে এত মানুষের খাবার এক সঙ্গে রান্নার ব্যবস্থা না থাকায় দুই-তিন দফায় রান্না করা হচ্ছে বলে জানান তারা।

খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীরা ভেতরে পালাক্রমে দায়িত্ব পালন করছেন। কাজের পালা শেষ করে তারা বাইরে গিয়ে খাবার খেয়ে নিচ্ছেন।