খালেদার কার্যালয়ে ঢোকায় কড়াকড়ি পুলিশের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ঢোকার পথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে খালেদা জিয়ার নামে বিবৃতি আসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যদের ওই কার্যালয়ের ফটকের সামনে একটি রেজিস্ট্রার বই খুলে বসতে দেখা যায়।
এসবি সদস্যরা টেবিল-চেয়ার নিয়ে বসেছেন। ভেতরে যারা ঢুকছেন, তাদের নাম-ঠিকানা, টেলিফোন নম্বর ও আসার কারণ সেখানে লিখতে হচ্ছে।
সাড়ে ৬টায় খালেদা জিয়ার বাসার কর্মচারী হুমায়ুন কবির ভেতরে ঢুকতে গেলে তাকে ওই রেজিস্ট্রার খাতায় নাম-ঠিকানা-উদ্দেশ্য লিখতে হয়।
সেখানে কর্তব্যরত এসবি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের ‘নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কার্যালয়ে থাকা বিএনপি নেতারা বলছেন, এর মধ্য দিয়ে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করছে পুলিশ।
গুলশানের কার্যালয়ে এক মাস ধরে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়ে কয়েকদিন ধরে বাধা পাচ্ছেন দল ও জোটের নেতারা।
এই কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন রয়েছেন।
এদিকে হরতালের ‘ক্ষতিগ্রস্ত নিরীহ গাড়িচালক’ ব্যানারে একদল ৮৬ নম্বর সড়কের মোড়ে একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করে। তারা হরতালবিরোধী নানা শ্লোগান দেয়।
এই চালকদের এই অবস্থানে লোক ও ভাবসঙ্গীত পরিবেশনও হয়, ভালো গাইয়েদের তাৎক্ষণিকভাবে পুরস্কৃতও করা হয়।
খালেদার বিরুদ্ধে বিক্ষোভকারী এই চালকদের জন্য দুপুরে হোটেল থেকে খাবারও আসতে দেখা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবস্থানকারীরা গুলশান ২ নম্বর মোড়ে চলে যায়।
৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি রাতে পুলিশের বাধা পাওয়ার পর কার্যালয়ে অবস্থান নেন খালেদা। এরপর পুলিশ সড়কে বালুর ট্রাক রেখে, ফটকে তালা দিয়ে তাকে সেখানে অবরুদ্ধ করে ফেলে।
৫ জানুয়ারি কর্মসূচিতে বের হতে বাধা পেয়ে দেশজুড়ে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন। এরপর বেশ কিছু দিন ওই কার্যালয়ে ঢোকার বিষয়টি পুলিশকে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
বালুর ট্রাক সরানোর পর গত ১৯ জানুয়ারি ফটকের সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হলেও খালেদা ওই কার্যালয় আর ছাড়েননি। মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর লাশ আসার পর সেখানেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।
ওই সময়ে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দলের নেতারা অবাধে খালেদার ওই কার্যালয়ে ঢুকতে পারলেও এসএসসি পরীক্ষার মধ্যে অবরোধের সঙ্গে হরতাল ডাকার পর ওই এলাকায় পুলিশের তৎপরতা আবার বাড়ে।
দুদিন আগে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেলে তাকে ফিরিয়ে দেয় পুলিশ।
গত রোববার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীকে ওই কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন একজন বিএনপিকর্মীকে সেখান থেকে আটক করে পুলিশ।
এর মধ্যে গত শনিবার ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলেও ২০ ঘণ্টা পর পুনরায় সংযোগ দেওয়া হয়।
তবে তখন থেকে ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তাদের অভিযোগ।
