খালেদার সঙ্গে দেখা করতে বাধা
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুলিশের বাধা পাচ্ছেন বিএনপি ও তার জোট শরিক দলের নেতারা।
গুলশানের কার্যালয়ে এক মাস ধরে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়ে মঙ্গলবার বাধা পান ২০ দলের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
সাবেক এই সেনা কর্মকর্তা সন্ধ্যায় নিজের গাড়িতে করে গেলে ৮৬ নম্বর সড়কের মোড়ে পুলিশ তাকে আটকে দেয়। কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের মুখে ‘যাওয়া যাবে না’ শুনে গাড়ি ঘুরিয়ে চলে যান তিনি।
গত রোববার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীকে ওই কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করার পর থেকে দলীয় নেতারা ওই কার্যালয়ে এসে পুলিশের বাধা পাচ্ছে। সোমবারও একজন কর্মীকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি রাতে পুলিশের বাধা পাওয়ার পর কার্যালয়ে অবস্থান নেন খালেদা। এরপর পুলিশ সড়কে বালুর ট্রাক রেখে, ফটকে তালা দিয়ে তাকে সেখানে অবরুদ্ধ করে ফেলে।
৫ জানুয়ারি কর্মসূচিতে বের হতে বাধা পেয়ে দেশজুড়ে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন। এরপর বেশ কিছু দিন ওই কার্যালয়ে ঢোকার বিষয়টি পুলিশকে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
বালুর ট্রাক সরানোর পর গত ১৯ জানুয়ারি ফটকের সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হলেও খালেদা ওই কার্যালয় আর ছাড়েননি। মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর লাশ আসার পর সেখানেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।
ওই সময়ে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দলের নেতারা অবাধে খালেদার ওই কার্যালয়ে ঢুকতে পারলেও এসএসসি পরীক্ষার মধ্যে অবরোধের সঙ্গে হরতাল ডাকার পর ওই এলাকায় পুলিশের তৎপরতা আবার বেড়েছে।
এর মধ্যে গত শনিবার ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলেও ২০ ঘণ্টা পর পুনরায় সংযোগ দেওয়া হয়।
তবে তখন থেকে ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তাদের অভিযোগ।
