২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দফায় রিমান্ডে রিজভী

অবরোধে নাশকতার মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে ফের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য  পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 05:14 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

ঢাকার মহানগর হাকিম আমিনুল হক মঙ্গলবার বিএনপির এই যুগ্ম মহাসচিবের রিমান্ড মঞ্জুর করেন।

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের এক মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে দুপুরে রিজভীকে আদালতে হাজির করা হয়। ওই ঘটনায়ই দায়ের করা আরেক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা ডিবির এসআই সিদ্দিকুর রহমান।

রিমান্ড আবেদন বাতিল ও রিজভীর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

উভয় আবেদনের শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে বিচারক রিজভীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি বাসে পেট্রোল বোমা হামলায় ৩০ জনের বেশি দগ্ধ হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওই ঘটনায় মোট ৬৯ জনের নাম উল্লেখ করে দুটি মামলা করে পুলিশ,যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি ওই ঘটনায় দায়ের করা ৫৯ নম্বর মামলায় রিজভীকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। আর এদিন ৬১ নম্বর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার অনুমতি পেল পুলিশ।

অবরোধের শুরু থেকে ‘অজ্ঞাত স্থান’থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের ঘোষণা দিয়ে আসা রিজভীকে গত ৩১ জানুয়ারি ভোররাতে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। গুলশান-বাড্ডা লিঙ্ক রোডে অনাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১ ফেব্রুয়ারি তাকে তিন দিনের রিমান্ডে রিমান্ডে পাঠায় আদালত।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘অসুস্থ’ হয়ে পড়লে রিজভীকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

তার চার দিনের মাথায় গভীর রাতে সেখান থেকে চুপিসারে বেরিয়ে  গোপন স্থান থেকে বিবৃতির পাঠান তিনি ।