ফখরুলকে কারাফটকে জিজ্ঞাসাবাদে অনুমতি
রাজধানীর পল্টনে পুলিশ সার্জেন্টকে হত্যাচেষ্টার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক দেওয়ান উজ্জল হোসেন ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত (রিমান্ড) চেয়েছিলেন।
এসময় হেফাজত বাতিল করে এ মামলায় জামিন চান ফখরুলের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া, গোলাম মোস্তফা খান ও মহসীন মিয়া।
রাষ্ট্রপক্ষে এ আবেদনের বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।
সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মির্জা ফখরুলকে মতিঝিল থানায় হাতবোমা মেরে হত্যা চেষ্টার একটি মামলায় পাঁচ দিন পুলিশ হেফাজত শেষে আদালতে আনা হয়েছে।
“ফখরুলের বিরুদ্ধে ৮০টির মতো মামলা তদন্ত ও বিচারাধীন। আর চলতি বছরের বিশ দলীয় জোটের জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া সাতটি মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
গত ৫ জানুয়ারি পল্টন কালভার্টের কাছে পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদারের মোটরসাইকেলে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টাসহ কয়েকটি অভিযোগে দায়ের করা মামলায় সোমবার জিজ্ঞাবাদের এ আবেদন করা হয়।
এ সময় মির্জা ফকরুলের আইনজীবীরা বিচারকের সামনে বলেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা জরুরি বলে চিকিৎসকরা মত দিয়েছেন। রিমান্ডে নিলে তার শারীরিক অবস্থার অবনতিসহ যে কোন দুর্ঘটনা ঘটতে পারে।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে করাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
